দেবীগঞ্জের সোনাহার মাছ প্রধানপাড়া গ্রামে বুধবার গভীর রাতে অগ্নিকাণ্ডে ১৬ পরিবারের প্রায় ৫০টি ঘর এবং ঘরের মালামালসহ দুটি গরু ও দুটি ছাগল পুড়ে গেছে।
স্থানীয়রা জানিয়েছেন, রাত প্রায় ২টার দিকে ঐ গ্রামের তৈয়বুর রহমানের ঘরে জ্বালানো মশার কয়েল থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে পার্শ্ববর্তী ঘরগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়ভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হলেও আগুনের লেলিহান শিখা গ্রামের সব ঘরে ছড়িয়ে পড়ে এতে প্রায় ৫০টি ঘর পুড়ে যায়। খবর পেয়ে পার্শ্ববর্তী উপজেলা ডোমার থেকে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।
পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার ইউসুফ আলী আগুনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন এবং প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে দুই বান্ডিল করে টিন, নগদ ৬ হাজার করে টাকা, ৫০ কেজি করে চাল, কম্বল ও শুকনো খাবার বিতরণ করেন। এদিকে ঐ গ্রামের সমাজসেবক এক নারী প্রত্যেক পরিবারের মাঝে একটি করে শাড়ি ও একটি করে লুঙ্গি জেলা প্রশাসকের উপস্থিতিতে বিতরণ করেন।