কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণের ঘোষণা মেয়র সাদিকের

ঈদুল আজহার দিন পশু কোরবানির ১২ ঘণ্টার মধ্যে নগরীর সব বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছেন বরিশাল সিটি মেয়র সাদিক আবদুল্লাহ। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগর ভবনের সভাকক্ষে পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং কোরবানির বর্জ্য অপসারণ বিষয়ক সভায় এ ঘোষণা দেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ। সভায় তিনি বলেন, এবার পশু কোরবানির জন্য নগরীর ৩০টি ওয়ার্ডে ১৪২টি স্থান নির্ধারণ করা হয়েছে। নির্দিষ্ট স্থানে পশু কোরবানির পর সিটি করপোরেশনের ৯০০ কর্মী পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে নগরীর সব বর্জ্য অপসারণ করবে। এরমধ্যে ৩০০ কর্মী সিটি করপোরেশনের নিজস্ব এবং অতিরিক্ত আরো ৬০০ কর্মী নিয়োগ করা হয়েছে শুধু ঈদের দিনের জন্য।

সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন, ব্যবসায়ী নেতা, পরিবহন মালিক সমিতির ও শ্রমিক ইউনিয়নের নেতা, লঞ্চ মালিক সমিতির নেতা, সুশীল সমাজ, সাংবাদিক এবং ওয়ার্ড কাউন্সিলরদের অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় আসন্ন ঈদে যাত্রী ব্যবস্থাপনায় নানা সিদ্ধান্ত হয়। এরমধ্যে ঈদে ঘরমুখী মানুষকে নদীবন্দর থেকে নগরীর রূপাতলী এবং নথুল্লাবাদ বাস টার্মিনাল যাতায়াতের জন্য ফ্রি বাস সার্ভিস এবং নদীবন্দরে অসুস্থ যাত্রীদের জন্য হুইল চেয়ার রাখার ঘোষণা দেন মেয়র। ঈদে ঘরমুখী যাত্রীদের বহনকারী লঞ্চের অশুভ প্রতিযোগিতা বন্ধে কঠোর হুঁশিয়ারি দেন মেয়র সাদিক আবদুল্লাহ। ঈদের সময় নগরীর ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে মেয়র এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। ঢাকার সদরঘাট থেকে বরিশালসহ দক্ষিণাঞ্চলগামী সব লঞ্চে ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন ওষুধ স্প্রে নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন মেয়র সাদিক আবদুল্লাহ।

মেয়র সাদিক আবদুল্লাহর সভাপতিত্বে এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইসরাইল হোসেনের সঞ্চালনায় সভায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মাহবুব হোসেন, বিএম কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শফিকুর রহমান সিকদার, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শহীদুল ইসলাম, বিএমপির উপ-কমিশনার (সদর) মো. হাবিবুর রহমান খান, উপ-কমিশনার (বিশেষ শাখা) আবু রায়হান মো. সালেহ, উপ-কমিশনার (ট্রাফিক) মো. খায়রুল হাসান, বরিশাল নদীবন্দর কর্মকর্তা আজমল হুদা মিঠু সরকার, জেলা চেম্বার সভাপতি লঞ্চ মালিক সমিতির নেতা ও সদর উপজেলা চেয়ারম্যান মো. সাইদুর রহমান রিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন। সভার শেষ প্রান্তে মেয়র নগরবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানান এবং তাদের সব ধরনের প্রয়োজনে পাশে থাকার প্রতিশ্রুতি দেন। বরিশালে হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগা ময়দানে সকাল ৮টায় ঈদের প্রধান জামাতে শরিক হওয়ার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান মেয়র সাদিক আবদুল্লাহ।

‘বঙ্গবন্ধু একটি আদর্শের নাম’

বঙ্গবন্ধু একজন ব্যক্তি নন, বঙ্গবন্ধু একটি আদর্শের নাম। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন তাঁর এ আদর্শ ও চেতনা বেঁচে থাকবে। তিনি ছিলেন একজন ক্যারিশম্যাটিক নেতা। তাঁরই দেখানো পথে দেশকে উন্নয়নের রোল মডেলে রূপান্তরিত করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে বুধবার সন্ধ্যায় বরিশাল বিশ্ববিদ্যালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা ও স্মরণানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এ কথা বলেন।