জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ি ইউনিয়ন পরিষদ থেকে ভিজিএফ চাল নিয়ে বাড়ি ফেরার পথে যমুনা নদীতে নৌকা ডুবির ঘটনায় এ পর্যন্ত ছয় জন নিখোঁজ রয়েছে।
হলকারচরের বাসিন্দা মাইনদ্দিনের শিশু কন্যা মমতাসহ (৭) মোট ২২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত শিশু মমতা সারিয়াকান্দি উপজেলা হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে বলে নিশ্চিত করেছেন বাহাদুরাবাদ নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চুকাইবাড়ি ইউনিয়ন পরিষদ থেকে ঈদ উপলক্ষ্যে ভিজিএফ চাল নিয়ে প্রায় ২৮ জন যাত্রী উপজেলার যমুনা নদীর ফুটানি বাজার ঘাট থেকে টিনেরচর ও হলকারচরের উদ্দেশে যাত্রা করে। নৌকাটি প্রায় তিন কিলোমিটার যাওয়ার পর ডুবে যায়। পরে জামালপুর ও দেওয়ানগঞ্জের ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় ২২ জনকে উদ্ধার করে। এদিকে নৌকার মাঝি মো. মনোয়ার হোসেন সাঁতার কেটে নদীর পূর্বপাড়ে উঠতে সক্ষম হন।
জামালপুর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. নুরুদ্দিন অলি জানান, এ পর্যন্ত এক শিশুসহ ২২ যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনো শিশুসহ ছয় যাত্রী নিখোঁজ রয়েছেন। তারা হলেন—হলকারচর গ্রামের বাসিন্দা শহীদ শিকদার, দুলাল উদ্দিন, কাঞ্চন মালা, রেজিয়া খাতুন, আকন বিবি ও শিশু নয়ন (৮)।