গোয়াইনঘাটে অবৈধ ইজিবাইক

বন্ধ না হলে সব ধরনের যান চলাচল বন্ধের আলটিমেটাম

গোয়াইনঘাট উপজেলা সদরে দেদারসে চলছে ব্যাটারি চালিত অবৈধ ইজিবাইক। অদক্ষ, অপ্রাপ্ত বয়স্ক এবং লাইসেন্সবিহীন চালক দ্বারা চলছে এসব অবৈধ ইজিবাইক। এ কারণে বেড়েছে দুর্ঘটনাও। উপজেলা প্রশাসন ও গোয়াইনঘাট থানা পুলিশ এসব অদক্ষ চালক ও অবৈধ ইজিবাইক বন্ধে একাধিকবার অভিযান পরিচালনা করলেও বন্ধ হয়নি ব্যাটারি চালিত অবৈধ ইজিবাইক চলাচল। এদিকে এসব অবৈধ ইজিবাইক চলাচল বন্ধ না করলে আজ শুক্রবার থেকে উপজেলার সর্বত্র সব ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়ার আলটিমেটাম দিয়েছেন বৈধ যানবাহনের চালক ও শ্রমিক নেতৃবৃন্দ।

গতকাল বৃহস্পতিবার গোয়াইনঘাট বাইপাস ১৩২৬ শাখা ও ৭০৭ শাখার নেতৃবৃন্দরা ঐক্যবদ্ধভাবে গোয়াইনঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, সভাপতি গোয়াইনঘাট প্রেসক্লাব বরাবরে স্মারকলিপি দিয়েছেন। তারা অভিযোগ করেন, এসব অবৈধ ইজিবাইকের কারণে দুর্ঘটনা বেড়ে যাওয়ার পাশাপাশি উপজেলায় প্রায় ১০-১২ হাজারেরও বেশি ব্যাটারি চালিত গাড়ি প্রতিদিন চোরাই বিদ্যুত্ সংযোগের মাধ্যমে চার্জ দেওয়া হয়। মাঝে মধ্যে বিদ্যুত্ অফিসের কর্মকর্তারা অবৈধ সংযোগকারীদের বিরুদ্ধে অভিযান করেও কোনো প্রতিকার হচ্ছে না।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন হিউম্যান হুলার ১৩২৬ গোয়াইনঘাট শাখার সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মো. গিয়াছ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শ্রী গনেশ চৌধুরী, মঈনুল ইসলাম, ৭০৭ গোয়াইনঘাট বাইপাস শাখার সভাপতি রিয়াজ উদ্দিন, সাধারণ সম্পাদক আলা উদ্দিন, মঈনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান প্রমুখ।