চুয়েটে স্ন্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ১২ অক্টোবর

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ২০১৯-২০ শিক্ষাবর্ষের লেভেল-১ স্নাতক (সম্মান) কোর্সের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১২ অক্টোবর (শনিবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত মোট ৩ ঘণ্টা লিখিত পরীক্ষা শেষে একইদিন বেলা আড়াইটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত মুক্তহস্ত অঙ্কন অনুষ্ঠিত হবে। অনলাইনে আবেদনপত্র গ্রহণ শুরু হবে ২৫ আগস্ট। অনলাইনে আবেদনপত্র গ্রহণ শেষ হবে ১৫ সেপ্টেম্বর বিকাল সাড়ে চারটা পর্যন্ত। ও লেভেল এবং বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানের প্রার্থীদের আবেদনপত্র গ্রহণ করার সময় ২৫ আগস্ট হতে ১৫ সেপ্টেম্বর প্রতি কার্যদিবসে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য প্রার্থীদের রোলসহ নামের তালিকা প্রকাশ ২৬ সেপ্টেম্বর। মেধানুযায়ী ভর্তির জন্য নির্বাচিত এবং অপেক্ষমাণ প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে ২৭ অক্টোবর। এদিকে এবার নতুন চালু হওয়া দুটি বিভাগে ৩০ জন করে মোট ৬০ জন ভর্তি হতে পারবে। বিভাগ দুটি হলো Biomedical Engineering এবং Materials Science and Engineering। ও লেভেল পাশ এবং বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠান হতে পাশকৃত প্রার্থী ব্যতীত অন্যদের আবেদন অনলাইন-এর মাধ্যমে গ্রহণ করা হবে। যে সকল ছাত্রছাত্রী শুধুমাত্র ২০১৯ সালে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাশ করেছে অথবা ২০১৮ সালের সেপ্টেম্বরের পরে ‘ও লেভেল সার্টিফিকেট প্রাপ্ত হয়েছে, ভর্তি নির্দেশিকার অন্যান্য শর্তপূরণ সাপেক্ষে তারাই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবে। -সংবাদ বিজ্ঞপ্তি