টেকনাফে ডাকাত সর্দারের স্ত্রী-ভাইয়ের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

কক্সবাজারের টেকনাফের বাহারছড়া উপকূলীয় পাহাড়ি জনপদ  থেকে কুখ্যাত রোহিঙ্গা ডাকাত সর্দার আব্দুল হাকিম ডাকাতের স্ত্রী ও ভাইয়ের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, পাহাড়ি জনপদে আধিপত্য বিস্তার কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে তারা নিহত হয়েছেন।

জানা যায়, বৃহস্পতিবার ভোর ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাহারছড়ার দক্ষিণ শীলখালী বাইন্যাপাড়ার মাঠপাড়ার মো. সালামের পান বরজের পূর্ব পাহাড়ের পাদদেশে অজ্ঞাত লাশের খবর পেয়ে বাহারছড়া পুলিশ গিয়ে গুলিবিদ্ধ লাশ দুটি উদ্ধার করে। স্থানীয় গ্রামপুলিশ ও ইউপি সদস্যদের সঙ্গে আলাপ করে পুলিশ নিশ্চিত হয় লাশ দুটি আব্দুল হাকিম ডাকাতের স্ত্রী রুবি আক্তার (২৫) এবং ভাই কবির আহমদের (৪২)। লাশের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বাহারছড়া তদন্ত কেন্দ্রের কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, তদন্ত সাপেক্ষে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।