ঋণ পুনঃ তফসিল করতে ৩ সপ্তাহ সময় বাড়াল কেন্দ্রীয় ব্যাংক

পুনঃ তপশিলে ইচ্ছুক ঋণখেলাপিদের জন্য আরো তিন সপ্তাহ সময় বাড়িয়েছে কেন্দ ীয় ব্যাংক। গতকাল বৃহস্পতিবার এক নির্দেশনায় বাংলাদেশ ব্যাংক বলছে, যেসব ঋণখেলাপি বিশেষ সুবিধা নিতে চান, আগামী সেপ্টেম্বরের ৭ তারিখের মধ্যে তাদের আবেদন করতে হবে। এ বিষয়ে দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে নির্দেশনা পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশনায় বলা হয়েছে, গত ১৬ মে জারি করা নির্দেশনা অনুযায়ী, পুনঃ তপশিলের সুবিধা নিতে ৯০ দিনের মধ্যে আবেদন করার কথা বলা হয়েছিল। এই হিসাবে আবেদন করার শেষ সময় আগামী ১৬ আগস্ট। এরপর আরো তিন সপ্তাহ বাড়ানো হলো। নির্দেশনা অনুযায়ী, ঋণখেলাপিরা মাত্র ২ শতাংশ নগদ (ডাউনপেমেন্ট) দিয়ে ঋণ পুনঃ তপশিল করতে পারবেন। পুনঃ তপশিল হওয়া ঋণ পরিশোধে সময় পাবেন ১০ বছর। প্রথম এক বছর তাদের কোনো কিস্তিও দিতে হবে না।

প্রসঙ্গত, গত ১৬ মে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে মাত্র ২ শতাংশ ডাউনপেমেন্ট এবং ৯ শতাংশ সরল সুদে ১০ বছরের জন্য ঋণ পরিশোধের সুযোগ দিয়ে খেলাপি ঋণ পুনঃ তপশিলের বিশেষ নীতিমালা জারি করা হয়। এই সার্কুলার জারির পর বিভিন্ন মহলে সমালোচনা হয়। পরবর্তীতে উচ্চ আদালত এর ওপর স্থিতাবস্থা জারি করেন। তবে গত ৮ জুলাই এই স্থিতাবস্থার ওপর আপিল বিভাগ দুই মাসের স্থগিতাদেশ দেন। এর ফলে বাংলাদেশ ব্যাংকের জারি করা সার্কুলার কার্যকর করার সুযোগ তৈরি হয়েছে। সার্কুলার অনুযায়ী, কোনো ঋণখেলাপি যদি মনে করেন, এককালীন ঋণ পরিশোধ করে খেলাপির তালিকা থেকে বেরিয়ে যাবেন, সে সুবিধাও পাবেন তারা। এতে বলা হয়েছে, এককালীন এক্সিট সুবিধা ও পুনঃ তপশিল সুবিধা কার্যকরের ৯০ দিনের মধ্যে ব্যাংক ও গ্রাহকের মামলা স্থগিত করতে হবে। পরবর্তীতে গ্রাহক কোনো শর্ত ভঙ করলে সুবিধা বাতিল করে মামলা পুনরায় চালু হবে।