প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপের মধ্যে ঈদে ঘরমুখো মানুষের কারো শরীরে জ্বরসহ সন্দেহজনক উপসর্গ থাকলে তাদের রক্ত পরীক্ষা করে নিশ্চিত হওয়ার আহ্বান জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানিয়ে বলেন, ‘ঈদে যারা ঘরে ফিরবেন, সবাই যেন সতর্ক, সচেতন থাকেন। যাদের মাথাব্যথা করবে, বমি বমি ভাব হবে, খাওয়ার ইচ্ছে থাকবে না, শরীরে জ্বর জ্বর ভাব থাকবে, তারা রক্ত পরীক্ষা করে এলাকায় বা ঘরের দিকে যাত্রা করবেন—এটা আপনাদের সবার কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বান।’
ওবায়দুল কাদের বলেন, বিদেশ থেকে এসেই গতকাল গণভবনে যে কথাগুলো বলেছেন, সেগুলোই আমি আপনাদের সামনে বললাম। আমি আশা করি, সবাই নিজেদের রক্ষা করব, নিজেদের রক্ষা করার জন্য যা যা করা দরকার করব। দেশে ফিরে প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন জানিয়ে কাদের বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা বলেছেন, ডেঙ্গুকে প্রতিরোধ করতে হবে।
ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী দেশে ফিরেই ডেঙ্গু পরিস্থিতির খোঁজখবর নিয়েছেন এবং এটা নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগী এবং বন্যার্তদের পাশে ২৪ ঘণ্টাই আছি। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সম্পর্কে তিনি বলেন, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক যুগের বেশি সময় কারাগারে ছিলেন। এ সময় বেগম মুজিব শুধু পরিবারকেই সামলাননি, সেইসঙ্গে আওয়ামী পরিবারকেও সামলে নিয়েছেন। সেই দুঃসময়ে তিনি আওয়ামী লীগের তহবিল পর্যন্ত সরবরাহ করেছেন। বেগম মুজিবের অনুপ্রেরণা এবং সহযোগিতায়ই শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু হয়ে উঠেছিলেন। তিনি নেপথ্যে থেকে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ এবং দেশের জন্য কাজ করেছেন।
বিরোধী দলের ভূমিকার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, আপনারা সরকারের সমালোচনা করছেন, কিন্তু সারাদেশে ডেঙ্গু আক্রান্ত রোগী এবং বন্যার্তদের জন্য প্রেস ব্রিফিং ও লিফলেট বিতরণ ছাড়া কোনো উদ্যোগ গ্রহণ করেছেন? মানবতার স্বার্থে ডেঙ্গু নিয়ে রাজনীতি না করে প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে সমন্বিতভাবে ডেঙ্গুবিরোধী লড়াইয়ে নামতে বিএনপির প্রতি আহ্বান জানান তিনি।
সভা শেষে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধ সামগ্রী বিতরণ এবং বন্যার্ত অসহায়-সুবিধাবঞ্চিতদের মাঝে শাড়ি, লুঙ্গি, মশারি এবং ঈদসামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী। সভাপতিত্ব করেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির চেয়ারম্যান এ এফ এম ফখরুল ইসলাম মুন্সী।