ডেঙ্গুবিরোধী অভিযান সারাবছর অব্যাহত রাখুন :নাসিম

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গি দমন করা হয়েছে। দেশকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করেছি। ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়তেও আমরা সফল হবো। আগামী এক বছর স্থানীয় সরকারমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ও দুই সিটি করপোরেশনকে সমন্বিতভাবে ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ার পদক্ষেপ নেয়ার জন্য তিনি আহ্বান জানান।

গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু এভিনিউয়ে জাসদ কার্যালয়ের সামনে ১৪ দলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে জোটের শীর্ষ নেতারা বৃষ্টি ও বিরূপ আবহাওয়া উপেক্ষা করে বঙ্গবন্ধু এভিনিউ এলাকায় সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং মশার ওষুধ স্প্রে করেন। মোহাম্মদ নাসিম বলেন, আমাদের এখন কাজ হবে ঢাকাসহ সারাদেশ ডেঙ্গুমুক্ত করতে কাজ করা, ডেঙ্গুবিরোধী অভিযান বছরব্যাপী অব্যাহত রাখা, এডিস মশার বিস্তার রোধে কাজ করা।

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেন, ‘এক সময় যারা ডেঙ্গুকে গুজব বলেছিল, এখন তারাই বলছে ডেঙ্গু ভয়ঙ্কর আকার ধারণ করেছে। সময়ের কাজ সময়মতো করতে পারলে জনগণকে এত দুর্ভোগ পোহাতে হতো না। ’

সভাপতির বক্তৃতায় জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, ‘এখন মূল কাজ ডেঙ্গু আস্তানা ধ্বংস করা, ডেঙ্গুর বিস্তার রোধ করা। এক্ষেত্রে কারো কোনো অজুহাত, ব্যর্থতা বা গাফিলতি দেখতে চাই না।’

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাসদের সাধারণ সম্পাদক শিরীন আক্তার এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, কমিউনিস্ট কেন্দ্রের ডা. অসিত বরণ রায়, বাসদের রেজাউর রশীদ খান, গণআজাদী লীগের সভাপতি এসকে শিকদার প্রমুখ।