গাজীপুরে ছিনতাই হওয়া কাভার্ডভ্যান ও ২৬টি মোটরসাইকেল উদ্ধার

গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকা থেকে ২৬টি মোটরসাইকেলসহ ছিনতাই হওয়া একটি কাভার্ডভ্যান গতকাল বৃহস্পতিবার শহরের মাস্টারবাড়ী এলাকা থেকে উদ্ধার করেছে র্যাব-১ এর সদস্যরা।

র্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্প কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গাজীপুরের রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকা থেকে নিলয় মোটরসের একটি কাভার্ডভ্যান ২৬টি মোটরসাইকেল নিয়ে সকাল ১০টার দিকে খুলনার উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে গাজীপুর সদরের রাজেন্দ্রপুর মিয়াবাড়ী নামক স্থানে আসা মাত্রই অজ্ঞাতনামা ছিনতাইকারীরা ঐ কাভার্ডভ্যানের গতিরোধ করে চালক মো. কামরুল ইসলাম ও হেলপারকে মারপিট করে এবং চোখে মলম লাগিয়ে অজ্ঞান করে। এরপর হাত-পা বেঁধে তাদের রাস্তার পাশে জঙ্গলে ফেলে ২৬টি মোটরসাইকেলসহ গাড়িটি ছিনতাই করে নিয়ে যায়। পরে গাড়িটি উদ্ধারের জন্য নিলয় মোটরসের গাজীপুর শাখার সহকারী ম্যানেজার মো. এএসএম তারেক তানভীর র্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্পে লিখিত অভিযোগ করেন।

গাড়িটি উদ্ধারের জন্য র্যাব বিভিন্ন স্থানে অভিযান চালায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে  র্যাব-১ অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে জানতে পারে যে, গাজীপুরের মাস্টারবাড়ী এলাকায় ২৬টি মোটরসাইকেলসহ কাভার্ডভ্যানটি অবস্থান করছে। পরে বেলা সোয়া ৩টার দিকে ওই এলাকা থেকে মোটরসাইকেলসহ কাভার্ডভ্যানটি উদ্ধার করা হয়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়।