বাংলাদেশের সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের সহযোগিতায় বাংলাদেশ সফরে আসা ব্রিটিশ নাগরিকদের প্রয়োজনীয় তথ্য প্রদানের লক্ষ্যে ব্রিটিশ হাইকমিশন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ডিজিটাল বার্তা বোর্ড স্থাপন করেছে। ঢাকায় আন্তর্জাতিক বিমানবন্দরে এই ডিজিটাল বার্তা বোর্ডের উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন আবু সাঈদ মেহবুব খান। গতকাল ব্রিটিশ হাইকমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
ঢাকা ও সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপিত এই ডিজিটাল বার্তা বোর্ড বাংলাদেশ সফরে আসা ব্রিটিশ নাগরিকদের জন্য কনস্যুলার সহায়তা ও প্রয়োজনীয় উপদেশ, জরুরি হেল্পলাইন ৯৯৯ এর মতো গুরুত্বপূর্ণ তথ্য প্রদর্শন করবে। এই ডিজিটাল বার্তা বোর্ডের উদ্বোধনকালে ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন বাংলাদেশের সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষকে সার্বিক সহায়তার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, প্রতি বছর ১ লাখের বেশি ব্রিটিশ বাংলাদেশে আসা-যাওয়া করেন। তাদের অধিকাংশই কোনো সমস্যার সম্মুখীন হওয়া ছাড়াই বাংলাদেশ সফর করেন। তিনি আরো বলেন, আমাদের কনস্যুলার টিম অনেক বিষয়েই ব্রিটিশ নাগরিকদের সহায়তা প্রদান করে থাকে। তবে এই সব সহায়তার ধরন প্রতিটি পরিস্থিতি ও সমস্যা ভেদে ভিন্ন হয়ে থাকে। বাংলাদেশে সফরে ইচ্ছুক ব্রিটিশ নাগরিকদের কমপ্রিহেন্সিভ ট্র্যাভেল ইন্স্যুরেন্স করার বিষয়ে উপদেশ দেন তিনি।
বিমানবন্দরে ব্রিটিশ নাগরিকদের জন্য ডিজিটাল বার্তা বোর্ড স্থাপনের উদ্যোগটি ব্রিটিশ হাইকমিশনের কনস্যুলার সহায়তার একটি অংশ। বাংলাদেশে ব্রিটিশ কনস্যুলার সহায়তার মধ্যে রয়েছে ব্রিটিশ নাগরিকদের জরুরি ভ্রমণের প্রয়োজনীয় ডকুমেন্ট সরবরাহ এবং যুক্তরাজ্যে অবস্থানকারী পরিবার-পরিজনের সঙ্গে যোগাযোগ করতে সহায়তা, জোরপূর্বক বিয়ের শিকার ব্রিটিশ নাগরিক কিংবা বাংলাদেশে গ্রেফতার বা আটককৃত ব্রিটিশ নাগরিককে প্রয়োজনীয় সহায়তা এবং দুর্ঘটনা ও জরা-মৃত্যুজনিত কারণে শোকগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদান।
বাংলাদেশ সফরবিষয়ক ভ্রমণ উপদেশ (ট্র্যাভেল অ্যাডভাইস) ও প্রয়োজনীয় নির্দেশনা পেতে ব্রিটিশ নাগরিকগণ https:// www.gov.uk/world/bangladesh ভিজিট করতে পারেন।