আগামীকাল শনিবার পালিত হবে পবিত্র হজ। মুসল্লিরা পবিত্র মক্কা থেকে মিনায় পৌঁছেছেন। কেউ গেছেন গাড়িতে চড়ে, কেউবা পায়ে হেঁটে। সৃষ্টিকর্তার আনুগত্য ও পাপমুক্তির আশায় আজ শুক্রবার সারাদিন তারা মিনায় অবস্থান করে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় ও ইবাদত বন্দেগিতে মশগুল থাকবেন। মিনা থেকে শনিবার ভোরে তারা পৌঁছবেন হজের মূল অনুষ্ঠানস্থল আরাফাতের ময়দানে। সেখানে ফজরের নামাজের সময় থেকে সন্ধ্যা পর্যন্ত থাকবেন তারা ।
আরাফাতের ময়দানে তারা হজের মূল খুতবা পাঠ এবং জোহর ও আসর নামাজ একসাথে আদায় করবেন। সন্ধ্যায় মুজদালিফায় গিয়ে আবারও মাগরিব ও এশার নামাজ আদায় করবেন এবং পাথর সংগ্রহ করবেন। রাতে মুজদালিফায় খোলা আকাশের নিচে অবস্থান করবেন মুসল্লিরা। ফজরের নামাজ আদায় করে মুজদালিফা থেকে আবার তারা মিনায় ফিরে আসবেন। মিনায় এসে জামারায়ে আকাবায় (বড়ো শয়তানকে) কঙ্কর বা ছোটো পাথর মেরে, মাথা মুড়িয়ে বা চুল ছেঁটে মক্কায় কাবা শরিফ তাওয়াফ করবেন।
হজের আনুষ্ঠানিকতা শেষে যারা আগে মদিনায় যাননি তারা মদিনায় যাবেন। সেখানে তারা সাধারণ ৪০ ওয়াক্ত নামাজ আদায় করেন। পরে শুরু হবে হাজিদের দেশে ফেরার পালা। এদিকে তাদের সেবায় মিনায় কিছুদূর পরপরই রয়েছে হাসপাতাল। সেখানে চলছে সার্বক্ষণিক সেবাদান। মুসল্লিদের যেন কষ্ট না হয় সে জন্য মিনায় যাওয়ার সব রাস্তা যানজটমুক্ত রাখা হয়েছে। মুসল্লিরা চৌচালা ঘরের মতো যে তাঁবুগুলোয় থাকছেন তার ভেতর রয়েছে পর্যাপ্ত আলো ও শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা। এসব তাঁবুতে রয়েছে শৌচাগার, পানির কল, এমনকি টেলিফোন সংযোগও। বাংলাদেশসহ বিশ্বের ২২ লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমান এবার হজ পালন করছেন।
হজের নতুন খতিব ড. মুহাম্মদ বিন হাসান
আগামীকাল ৯ জিলহজ (১০ আগস্ট) শনিবার আরাফাতের ময়দানে মসজিদে নামিরাহ থেকে হজের খুতবা দেওয়া হবে। প্রতি বছর বাংলাদেশ টেলিভিশন হজের এ খুতবা সরাসরি সম্প্রচার করে থাকে। এ বছর খুতবা দেবেন নতুন শাইখ ড. মুহাম্মদ বিন হাসান আল-শাইখ। সৌদি আরবের প্রেস এজেন্সি এএসপি সূত্রে জানা যায়, হারামাইন আশ-শরিফাইনের খাদেম বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল-সৌদ এক রাজকীয় ফরমান জারির মাধ্যমে এ বছর আরাফাতের ময়দানে খতিব হিসেবে শাইখ ড. মুহাম্মদ বিন হাসান আল-শাইখকে নিয়োগ দেন। শাইখ ড. মুহাম্মদ বিন হাসান আল-শাইখ সর্বোচ্চ উলামা বোর্ডের সদস্য এবং খাদেমুল হারামাইন শরিফাইন হাদিস কমপ্লেক্সের প্রধান মহামান্য শাইখ হিসেবে দায়িত্ব পালন করছেন।