আন্তর্জাতিক আদিবাসী দিবস আজ

আজ ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস। নানা আয়োজনে দিবসটি উদ্যাপিত হবে। এ বছর দিবসের মূল প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে—‘আদিবাসী ভাষা চর্চা এবং সংরক্ষণে এগিয়ে আসুন’। দিবস উদ্যাপনের মূল লক্ষ্য হলো—আদিবাসীদের জীবনধারা, মৌলিক অধিকার ও মানবাধিকার, আদিবাসী জাতিসমূহের ভাষা ও সংস্কৃতি তথা আত্ম-নিয়ন্ত্রণাধিকার সম্পর্কে সংখ্যাগরিষ্ঠ অ-আদিবাসী জনগণ ও সংশ্লিষ্ট সকলকে সচেতন করে তোলা। 

আদিবাসী দিবসকে সামনে রেখে এবারও বাংলাদেশ আদিবাসী ফোরাম ও অন্যান্য সংগঠন বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। দিবসটি উপলক্ষ্যে গত ৪ আগস্ট সকাল ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আদিবাসী বিষয়ক সংসদীয় ককাসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে, ৫ আগস্ট সকাল ১০টায় কেন্দ্রীয় শহিদ মিনারে আদিবাসী ফোরামের সমাবেশ, র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান, ৭ আগস্ট সকাল ১০টায় ঢাকার ডব্লিউ ভি এ মিলনায়তনে বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্ক ও বাংলাদেশ নারী প্রগতি সংঘের যৌথ আয়োজনে আদিবাসী নারী বিষয়ক সেমিনার, ৯ আগস্ট বেলা ২টায় বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় ছাত্র সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ২৭ আগস্ট এএলআরডি ও ১০টির অধিক সংগঠন মিলিতভাবে আদিবাসীদের ভূমি অধিকার নিয়ে সিরডাপ মিলনায়তনে সেমিনার অনুষ্ঠিত হবে।