কিশোরীকে তুলে নিতে বাধা দেওয়ায় দাদিকে কুপিয়ে হত্যা

সিলেটের গোয়াইনঘাটে গভীর রাতে বাড়ির দরজা ভেঙে ঘরে ঢুকে এক কিশোরীকে তুলে নেওয়ার চেষ্টা ও এতে বাধা দেওয়ায় দিলারা বেগম (৫৪) নামের এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (১৬ মে ) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলা উপজেলার ১ নম্বর রুস্তমপুর ইউনিয়নের বীরমঙ্গল মাটিকাঁপা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দিলারা বেগম ওই গ্রামের মৃত মাহমুদ হোসেনের স্ত্রী। এই ঘটনায় হামিদা আক্তার (ছদ্মনাম) (১৪) নামের ওই কিশোরী গুরুতর আহত হয়েছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা দরজা ভেঙে ঘরে ঢুকে হামিদার আক্তারের মুখ চেপে ধরে ঘর থেকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় তার চিৎকারে মা এগিয়ে এলে দুর্বৃত্তরা তার হাতে কামড় দেয়। একপর্যায়ে হামিদা চিৎকার করতে থাকলে তাকে ছুরিকাঘাত করা হয়।

চিৎকার শুনে পাশের কক্ষ থেকে দাদি দিলারা বেগম বের হয়ে দরজার সামনে দাঁড়ালে দুর্বৃত্তরা তাকে বুকে ছুরিকাঘাত করলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। ছুরিকাঘাতে দিলারা বেগম মাটিতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আহত হাবিবা আক্তারকে গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা ঘরে ঢুকে কিশোরীকে অপহরণ বা ধর্ষণের উদ্দেশ্যে এ হামলা চালাতে পারে। খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশের এসআই হাফিজ উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন।

গোয়াইনঘাট থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, গভীর রাতে বসত ঘরের দরজা ভেঙে একটি ঘুমন্ত পরিবারের উপর হামলা ও হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।