আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু এমপি বলেছেন, মহীয়সী নারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের কারণেই স্বাধীনতা আন্দোলন সফল হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে বঙ্গমাতার জন্মদিন উপলক্ষ্যে আওয়ামী যুবলীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব নিজের জন্য চিন্তা না করে নিজের গহনা বিক্রি করে দল ও নেতাকর্মীদের সহযোগিতা করেছেন। দুঃসময়ে পেছনে থেকে নেতৃত্ব দিয়েছেন বঙ্গমাতা।
আমির হোসেন আমু আরো বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ নিয়ে আজকে অনেকেই অনেক কথা বলেন। ৭ মার্চের ভাষণের আগে অনেক নেতাই বঙ্গবন্ধুকে বলেছিলেন স্বাধীনতার ঘোষণা করতে হবে। কিন্তু বেগম মুজিব তার স্বামীকে বলেছিলেন, তুমি সারা জীবন মানুষের অধিকারের জন্য লড়াই করেছ, তোমার সারা জীবনের সংগ্রাম, তোমার মনে যা আসে তুমি তাই বলবে। তিনি বলেন, বঙ্গমাতা আরেকটি সিদ্ধান্ত নিয়েছিলেন, সেটা হলো আগরতলা ষড়যন্ত্র মামলায় প্যারোলে মুক্তির বিরোধিতা করে। আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের নেতাদের সিদ্ধান্ত ছিল, বঙ্গবন্ধুকে প্যারোলে মুক্তি করা। কিন্তু বেগম মুজিব বাধা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, মুক্তি হলে নিঃশর্ত মুক্তি হবে। অন্যথায় ৩৪ জন আসামির মধ্যে থেকে শুধু বঙ্গবন্ধুর মুক্তি হতে পারে না।
সভায় আরো বক্তব্য রাখেন যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, মুজিবুর রহমান চৌধুরী, ফারুক হোসেন, মাহবুবুর রহমান হিরণ, আতাউর রহমান, এ বি এম আমজাদ হোসেন, মোহাম্মদ আনোয়ার ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহি, সাংগঠনিক সম্পাদক বদিউল আলম বদি, শিক্ষা সম্পাদক মিজানুল ইসলাম মিজুসহ প্রমুখ।