মহাকাশে ভারী স্যাটেলাইট ‘বিগ বার্ড’ পাঠাল ভারত

ফ্রান্সের একটি রকেটে করে সবচেয়ে ভারী জিস্যাট-১১ স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে ভারত। এতে প্রযুক্তির দিক দিয়ে দেশটি অনেক এগিয়ে যাবে। আরও উন্নত হবে যোগাযোগ ব্যবস্থা।

৫ হাজার ৮৫৪ কেজি ওজনের ‘বিগ বার্ড’ নামের এ কৃত্রিম উপগ্রহটি ভারতের অত্যাধুনিক ‘মাল্টি-ব্যান্ড কমিউনিকেশন স্যাটেলাইট’, যা ভারতে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার আরও উন্নয়ন ঘটাবে। এত ভারী স্যাটেলাইট উেক্ষপণের মতো শক্তিশালী রকেট ভারতের হাতে না থাকায় তারা ফ্রান্সের কাছ থেকে রকেট ভাড়া নেয়। এর স্থায়িত্ব ১৫ বছর বলে ধারণা করা হচ্ছে। দ্য ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো) বুধবার সকালে ফ্রেঞ্চ গায়ানার উেক্ষপণ কেন্দ্র কউরু স্পেসপোর্ট থেকে সফলভাবে বিগ বার্ডকে মহাকাশে পাঠিয়েছে। আইএসআরও প্রধান কে শিভান সাংবাদিকদের বলেন, “এ স্যাটেলাইট ভারতজুড়ে ব্রডব্যান্ড সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

উপগ্রহটি কাজ শুরু করলে ভারতের দুর্গম পাহাড়ি এলাকা এবং দ্বীপাঞ্চল ইন্টারনেট সেবার আওতায় আসবে বলে বিশ্বাস বিজ্ঞানীদের। এমনকি উড়োজাহাজে ভ্রমণের সময়ও ইন্টারনেট পাওয়া যাবে।