গরু কিনতে যাওয়ার পথে ‘অজ্ঞান পার্টির’ খপ্পরে কৃষক

কুষ্টিয়ার মিরপুর থেকে গরু কিনতে যাওয়ার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন হানিফ শেখ (৬০) নামে এক কৃষক। এসময় তার কাছে থাকা প্রায় ১ লাখ ২০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

সোমবার (১৮ মে) সকালে এ ঘটনা ঘটেছে। কৃষক হানিফ শেখ মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের কামিরহাট গ্রামের আইনউদ্দিন শেখের ছেলে।

কৃষক হানিফের বড় ছেলে মাসুম অভিযোগ করে বলেন, আমার বাবা সকালে এক লাখ ২০ হাজার টাকা সঙ্গে নিয়ে গরু কেনার জন্য বাড়ি থেকে মেহেরপুরের উদ্দেশ্য বের হয়। পথে অজ্ঞান পার্টির সদস্যরা তাকে অচেতন করে কাছে থাকা সব টাকা নিয়ে ফেলে। পরে বেলা ১১টার দিকে খবর পেয়ে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আমার বাবাকে নিয়ে আসি। এরপর মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।

মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. সরোয়ার জাহান শান্ত বলেন, ক্রিটিক্যাল অবস্থায় একজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেছি। 

মিরপুর থানা পুলিশের ওসি মো. শহিদুল ইসলাম বলেন, বিষয়টি শুনিনি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।