টাঙ্গাইলের মির্জাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা, মেয়ে ও এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছে একজন ব্যাংক কর্মকর্তা। তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কদিশধল্যা এবং বোর্ডঘর এলাকায় পৃথক এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মির্জাপুর উপজেলার হাড়িয়া গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান মো. আব্দুস সবুর মিয়ার স্ত্রী মোছা. সুফিয়া বেগম (৬০) এবং বাসাইল উপজেলার কাঞ্চনপুর গ্রামের মো. শাহীন মিয়া (৪৫) ও তার শিশুকন্যা শামীয়া (১০)।
গোড়াই হাইওয়ে থানার সেকেন্ড অফিসার মো. ফজলুর রহমান জানান, বেলা এগারটার দিকে সুফিয়া বেগম কালিয়াকৈর থেকে তার ছেলে ব্যাংক কর্মকর্তা মো. সোহাগের মোটরসাইকেলের পেছনে বসে মির্জাপুর উপজেলার হাড়িয়া গ্রামে আসছিল। মোটরসাইকেলটি বোর্ডঘর এলাকায় পৌঁছলে সুফিয়া বেগম ছিটকে পরে যান। এ সময় পেছন থেকে আসা একটি যাত্রীবাহী বাস চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হন ছেলে সোহাগ। সোহাগ ডাচ বাংলা ব্যাংক টাঙ্গাইল শাখায় কর্মরত। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: ভেজাল মিশিয়ে বিদেশি মদ তৈরি, সরঞ্জামসহ আটক ৩
অপর দিকে কদিমধল্যা নামক স্থানে মোটরসাইকেল নিয়ে রাস্তা পার হওয়ার সময় বাসের চাপায় বাবা শাহীন ও মেয়ে শামীয়ার মৃত্যু হয়েছে। জানা যায়, শাহীন মিয়া গাজীপুর থেকে মোটরসাইকেলে করে কন্যাকে সঙ্গে নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে বাসাইল আসছিলেন।
এ ব্যাপারে গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. জাহিদুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতদের লাশ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাস আটক ও চালক গ্রেফতারে বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে।
ইত্তেফাক/অনি