ঈদের আগে ১৯ দিনে প্রবাসী আয় প্রায় আড়াই বিলিয়ন ডলার

ঈদুল আজহাকে সামনে রেখে চলতি (মে মাস) মাসের প্রথম ১৯ দিনেই দেশে প্রায় আড়াই বিলিয়ন ডলারের বেশি (২৪৮ কোটি ৩০ লাখ ডলার) রেমিট্যান্স পাঠিয়েছেন বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশিরা। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা দরে) যার পরিমাণ প্রায় ৩০ হাজার ২৯৩ কোটি টাকা। এ সময়ে দৈনিক গড়ে রেমিট্যান্স এসেছে ১৩ কোটি ডলারের বেশি। 

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

তিনি বলেন, ‘গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১৭৯ কোটি ৩০ লাখ ডলার। চলতি মাসের প্রথম ১৯ দিনে এসেছে ১৪৮ কোটি ৩০ লাখ ডলার। সে তুলনায় এবার প্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে।’

এতে দেখা গেছে, চলতি মে মাসের প্রথম ১৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৪৮ কোটি ৩০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ১৭৯ কোটি ৩০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স–প্রবাহ বেড়েছে ৩৮ শতাংশ।

ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন, কোরবানির ঈদকে সামনে রেখে প্রবাসীরা বেশি অর্থ পাঠাচ্ছেন। এতে প্রবাসী আয় বেড়েছে। এভাবে আয় আসতে থাকলে ঈদের আগে তিন বিলিয়ন ছাড়িয়ে যেতে পারে।

এদিকে প্রবাসী আয় বাড়ায় ব্যাংকগুলোতে ডলারের উদ্বৃত্ত তৈরি হয়েছে। ফলে বাংলাদেশ ব্যাংক প্রতিনিয়ত ডলার কিনে রিজার্ভ বাড়াচ্ছে। আজও চার ব্যাংক থেকে সাত কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। এতে প্রতি ডলারের দাম ছিল ১২২ টাকা ৭৫ পয়সা।