লিওনেল মেসি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে লিভারপুলের বিপক্ষে প্রায় ত্রিশ গজ দূর থেকে দারুণ এক ফ্রি কিকে গোল করেছিলেন। গতকাল সেটিকে গেলো মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের সেরা গোলের খেতাবে ভূষিত করা হয়।
মৌসুম সেরার সংক্ষিপ্ত তালিকায়ও আছে মেসির নাম। তিনি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো ২০১৮-১৯ মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেরা ফরোয়ার্ডদের সংক্ষিপ্ত তালিকায় বরাবরের মতোই স্থান পেয়েছেন।
গত বৃহস্পতিবার গেল মৌসুমের প্রতিযোগিতাটির সেরা গোলরক্ষক, ডিফেন্ডার এবং মিডফিল্ডারেরও সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করে উয়েফা। আগামী ২৯ আগস্ট মোনাকোয় ঘোষণা করা হবে চূড়ান্ত বিজয়ীদের নাম। লিওনেল মেসি গেল মৌসুমের শুরুতে স্থায়ী অধিনায়কের বাহুবন্ধনী পাবার পর ন্যু ক্যাম্পের প্রায় নব্বই হাজার দর্শকের সামনে ঘোষণা দিয়েছিলেন যে, চ্যাম্পিয়ন্স লিগ বার্সায় ফিরিয়ে আনতে প্রাণপণ চেষ্টা করবে তার দল। আর্জেন্টাইন তারকা তার কথা রাখার সর্বোচ্চ চেষ্টাটাই করেছিলেন। টুর্নামেন্ট সর্বোচ্চ ১২ গোল করে চার বছর পর দলকে সেমিফাইনালে তুলতে বড়ো ভূমিকা রেখেছিলেন তিনি। তবে এর শেষটা হয়েছিল লিভারপুলের কাছে ৪-০ গোলে হেরে।
চূড়ান্ত লক্ষ্য অর্জিত না হলেও গেল মৌসুমের এমন পারফরম্যান্সের পর মেসির ব্যক্তিগত ঝুলিতে আরেকটি পুরস্কার যোগ হতে পারে। আসরের সেরা ফরোয়ার্ডের সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছেন তিনি।
ক্রিশ্চিয়ানো রোনালদোও তালিকায় মেসির সঙ্গে আছেন। জুভেন্তাস তারকা গেল আসরে ছয় গোল করেন। অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের প্রথম পর্বে ২-০ গোলে পিছিয়ে পড়লেও ফিরতি লেগে তার দুর্দান্ত হ্যাটট্রিক পরের পর্বে তুলে দিয়েছিল জুভেন্তাসকে।
সেরা ফরোয়ার্ড হবার দৌড়ে আছেন লিভারপুল ফরোয়ার্ড সাদিও মানেও। গেল আসরে ৪ গোল করলেও দলকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানোয় বড় ভূমিকা পালন করেছিলেন তিনি। মানের সতীর্থ জর্ডান হেন্ডারসন আছেন সেরা মিডফিল্ডার হবার দৌড়ে। এই তালিকায় আরো আছেন টটেনহ্যাম হটস্পার মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসেন এবং সদ্যই আয়াক্স আমস্টারডাম ছেড়ে বার্সেলোনায় পাড়ি জমানো ফ্র্যাঙ্কি ডি ইয়ং।
আয়াক্সকে সেমিফাইনালে তোলার অন্যতম কারিগর ম্যাথিয়াস ডি লিখট আছেন সেরা ডিফেন্ডারের সংক্ষিপ্ত তালিকায়। এই তালিকায় আরো আছেন লিভারপুল ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক এবং ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ড।
গোলরক্ষকদের সংক্ষিপ্ত তালিকাতেও শিরোপাজয়ী লিভারপুলেরই জয়জয়কার। ব্রাজিলীয় খেলোয়াড় এলিসন বেকার আছেন তালিকাটিতে। তার সঙ্গে সেরা গোলরক্ষক হবার দৌড়ে আছেন টটেনহ্যাম গোলরক্ষক হুগো লরিস এবং বার্সেলোনার মার্ক আন্দ্রে টের স্টেগেন। গেল মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে খেলা ৩২ দলের কোচ এবং উয়েফার ৫৫টি সদস্য দেশের ৫৫ জন সাংবাদিকের ভোটে সংক্ষিপ্ত তালিকাটি ঘোষিত হয়। তবে নিজের দলের খেলোয়াড়দের ভোট দেয়ার সুযোগ ছিল না কোচদের।
আগামী ২৯ আগস্ট আসছে মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের ড্র ঘোষিত হবে। সেই অনুষ্ঠানেই সেরা গোলরক্ষক, ডিফেন্ডার, মিডফিল্ডার ও ফরোয়ার্ডদের হাতে তুলে দেয়া হবে পুরস্কার।