বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১১তম আসর শেষ হওয়ার আগেই নতুন মৌসুম নিয়ে কাজ শুরু করে দিয়েছিল বাফুফের লিগ কমিটি। এর মধ্যে পরের মৌসুমে ১৪ দল খেলানো এবং গেল আসরে এক দলের রেলিগেশন করার প্রস্তাব এসেছে সংশ্লিষ্ট ক্লাবগুলো থেকে। এ মাসের শেষ সপ্তাহে এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নতুন মৌসুমের বিস্তারিত তুলে ধরা হবে হবে জানিয়েছেন বাফুফের লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী।
লিগ কমিটি এবার একটু আগে-ভাগে চিন্তাভাবনা করছে। কারণ সামনে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কার রয়েছে। সেই সঙ্গে আগামী বছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন মিলিয়ে আসছে মৌসুমটা একটা নির্দিষ্ট ছক আর পরিকল্পনার মধ্যে এগিয়ে নিতে চায় লিগ কমিটি।
এসব পরিকল্পনার অন্যতম পেশাদার এই ফুটবল লিগটি বেজোড় সংখ্যায় না রেখে ১৩ ক্লাবের পরিবর্তে ১৪টি দলের করার। লিগ কমিটিরও সায় আছে এ প্রস্তাবে। দল বাড়লে খেলোয়াড় ও কোচিং স্টাফ বাড়বে। ফুটবল লিগে বিনিয়োগও বাড়বে। লিগ কমিটির চেয়ারম্যান আব্দসু সালাম মুর্শেদী মনে করছেন ১৪ দল নিয়ে লিগ হলে আকর্ষণও বৃদ্ধি পাবে। খেলোয়াড়দের কর্মসংস্থানের জায়গা বাড়বে। খেলোয়াড়রা পারিশ্রমিক পেতে দরদাম করা কিংবা নিজেদের মধ্যে লড়াই করে টিকে থাকার একটা মানসিকতাও তৈরি হবে।
প্রস্তাবিত ১৪ দলের লিগের সঙ্গে জড়িয়ে আছে সম্প্রতি সমাপ্ত মৌসুমের রেলিগেশন। বাইলজ অনুসারে লিগ থেকে রেলিগেশন হওয়ার কথা দুটি ক্লাবের। লিগ শেষ হয়েছে ৩ আগস্ট। সেই হিসাবে ইতিমধ্যে বিজেএমসি এবং নোফেল স্পোর্টিং ক্লাবের রেলিগেশনও হয়ে গেছে।
কিন্তু লিগ শেষ হওয়ার প্রাক্কালে কয়েকটি ক্লাব আবেদন জানায় এবার যেন একটি দলকে নামানো হয়। আবেদনকারীদের মধ্যে সাইফ স্পোর্টিং ক্লাবও আছে। অথচ এটি তাদের সমস্যা না। বলাবলি হচ্ছে আগামি এপ্রিলে বাফুফের নির্বাচন। ভোটের হিসাব সামনে রেখে রেলিগেশনকে সামনে রেখে ক্লাবগুলোর জোটবদ্ধ হওয়া।
প্রথম দিকে দুই তিনটি ক্লাব জোটবদ্ধ হলেও লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন প্রায় সব কয়টি ক্লাবই এখন একটি দলকে নামানোর পক্ষে। আবাহনী এর পক্ষে না থাকলেও তারা কোনো মতামত দেয়নি বলে।
প্রিমিয়ার লিগ শুরু হওয়ার আগেই খসড়া বাইলজ ক্লাবগুলোর কাছে পাঠানো হয়েছিল। ক্লাবগুলো বাইলজ পড়ে বুঝেশুনে মন্তব্য দিয়েছেন এবং চূড়ান্ত অনুমোদনও হয়েছে ক্লাবগুলোর উপস্থিতিতে। সেখানেই উল্লেখ ছিল লিগে রেলিগেশন হবে দুটি দল।
এখন লিগ শেষে ভোটের হিসাবের কারণে বাইলজ ভেঙে নতুন করে অনুমোদন দেওয়ার তোড়জোড় চলছে। লিগ কমিটির চেয়ারম্যান অবশ্য জানিয়েছেন এখনো রেলিগেশনের বিষয়টি অনুমোদন দেওয়া হয়নি। যদি এমন হয় একটি দলকে নামিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ হতে দুটি দল তুলে এনে নতুন মৌসুমের জন্য ১৪টি দল করা হবে।
এদিকে লিগ কমিটি ভেন্যু বাড়াতে চায়। গত মৌসুমে ঢাকা, ময়মনসিংহ, নীলফামারী, নোয়াখালী এবং গোপালগঞ্জে প্রিমিয়ার লিগের খেলা হয়েছিল। দল বাড়লে খেলাও বাড়বে। সালাম মুর্শেদী জানিয়েছেন ভেন্যু বাড়াতে তারা প্রস্তুতি রাখছেন। ভেন্যু বাড়ানোর প্রয়োজন কারণ লিগের খেলাটা আরো ছড়িয়ে দিতে হবে। নতুন ক্লাব উঠে আসলে ভেন্যুও বাড়তে পারে।
এ প্রসঙ্গে তিনি বলেন,‘ ভেন্যু না বাড়লেও কমবে না। কারণ খেলা বেড়ে গেলে লিগের সময়টাও বেড়ে যাবে। তখন ভেন্যুর প্রয়োজন হবে। প্রত্যেক ক্লাবকে একবার করে হলেও এক রাউন্ড বিরতি দিতে হয়। সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে যদি বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজ শুরু হয় তাহলে লিগের খেলা নিয়ে একটু ঝামেলা হতেও পারে। আমরা ঝুঁকি নিতে চাচ্ছি না। তাই ভেন্যু কমাতে চাই না।’
বাফুফের এই কর্মকর্তা জানান এই বিষয়গুলো চূড়ান্ত হবে লিগ কমিটির আগামী সভায়। আগস্টের শেষ সপ্তাহে হবে এই সভা।