চোটের কারণে ছিটকে গেলেন রুমানা

কয়েকদিন আগে মিরপুর স্টেডিয়ামে রুমানা আহমেদ বলেছিলেন, প্রায় ৯০ ভাগ ফিট আছেন তিনি। টেনিস এলবো এবং হাঁটুর চোটে ভুগছিলেন তিনি। দ্রুত সেরে উঠার আশা প্রকাশ করেছিলেন তিনি।

কিন্তু টি-২০ বিশ্বকাপ বাছাই পর্বের জন্য বাংলাদেশ নারী দলের চলমান ক্যাম্পে নেই এই অলরাউন্ডার। ওয়ানডে অধিনায়ক ও দলের সেরা ক্রিকেটার রুমানাকে ছাড়াই স্কটল্যান্ডে বাছাই পর্ব খেলতে যাবে বাংলাদেশ দল। চোটের কারণে বাছাই পর্বে খেলা হচ্ছে না তার।

গতকাল রুমানার ছিটকে পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন নারী দলের টিম অপারেশন্স ম্যানেজার নাজমুল আবেদীন ফাহিম। জানতে চাইলে তিনি বলেছেন, ‘রুমানার একটু সমস্যা আছে। ও যেতে পারছে না বাছাই পর্বে খেলতে।’

রুমানাকে নিয়ে ঝুঁকি নিতে রাজি নয় টিম ম্যানেজমেন্ট। আগামী বছর ফেব্রুয়ারি-মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে টি-২০ বিশ্বকাপ। সেখানে পূর্ণ ফিট রুমানাকে পেতে চায় বিসিবি।

মূলত হাঁটুর চোটই বেশি ভোগাচ্ছে রুমানাকে। পুরোপুরি সুস্থ হতে তার সময় লাগবে আরো ৩-৪ সপ্তাহ। বিসিবির প্রধান চিকিত্সক দেবাশীষ চৌধুরীর কাছে চিকিত্সা নিচ্ছেন তিনি। এমনকি ভারতেও চিকিত্সা নিয়েছেন এই অভিজ্ঞ ক্রিকেটার।

মিডল অর্ডারে ব্যাটিংয়ের পাশাপাশি কার্যকর লেগ স্পিনও করেন রুমানা। নিশ্চিতভাবেই বাছাই পর্বের খেলায় রুমানাকে মিস করবে বাংলাদেশ দল।