আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশে ন্যাটো নেতৃত্বাধীন জোট বাহিনীর বিমান হামলায় স্থানীয় এক তালেবান নেতাসহ অন্তত ১৯ জঙ্গি নিহত ও অপর সাতজন আহত হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় এক কর্মকর্তা এ কথা জানান। খবর সিনহুয়ার
প্রদেশিক পুলিশের মুখপাত্র মুহিবুল্লাহ্ মুহিব বলেন, বুধবার রাতে খাকি সাফেদ জেলার নাইদি এলাকায় তালেবানের আস্তানা লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। এতে স্থানীয় তালেবান নেতা আগা মির আদালাত ও তার ১০ সহযোগী জঙ্গি নিহত হয়। আদালাত গোলযোগপূর্ণ ওই এলাকার দুইশ জঙ্গির নেতা ছিলেন। মুহিব আরো বলেন, পার্শ্ববর্তী বালা বুলুক জেলায় প্রায় একই সময়ে পৃথক বিমান হামলায় ৯ তালেবান জঙ্গি নিহত হয়। তিনি বলেন, বালা বুলুকে এই অভিযানে তালেবানের তিনটি প্রতিরক্ষা শিবির ধ্বংস হয়।