নির্বাচিত এই বোর্ডকে সরিয়ে দেওয়াতেই আইসিসি স্থগিত করেছিল জিম্বাবুয়ের সদস্যপদ। অবশেষে সেই নির্বাচিত কমিটিকে পুনর্বহাল করেছে জিম্বাবুয়ের ক্রীড়া বিনোদন কমিশন (এসআরসি)।
গত মাসে এসআরসি-ই নির্বাচিত কমিটিকে সরিয়ে সেখানে অন্তর্বর্তীকালীন কমিটিকে দায়িত্ব দিয়েছিল। এই ঘটনাকে বোর্ডে রাজনৈতিক হস্তক্ষেপ বলে বিবেচনা করে তাদের সদস্যপদ স্থগিত করেছিল আইসিসি। সেই সাথে জিম্বাবুয়েকে সদস্যপদ স্থায়ীভাবে হারানোর শঙ্কা থেকে মুক্ত থাকতে ৮ অক্টোবরের মধ্যে পদক্ষেপ নিতে বলেছিল আইসিসি।
এসআরসি এক বিবৃতিতে জানায়, ‘আদালতের আদেশ অনুসারে এবং তা বাস্তবায়নের লক্ষ্যে এসআরসি জেডসির (জিম্বাবুয়ে ক্রিকেট) পরিচালকদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে এবং তাত্ক্ষণিকভাবে তাদের ব্যবস্থাপনা পরিচালকসহ সকলের দায়িত্ব ফিরিয়ে দেওয়া হচ্ছে।’
এসআরসি এই সিদ্ধান্ত নিল দেশটির প্রশাসনিক আদালতের এক রায়ের পর। বরখাস্ত হওয়া বোর্ডের পরিচালকরা তাদের বিপক্ষে সিদ্ধান্তের আদেশ পুনর্বিবেচনা করার জন্য প্রশাসনিক আদালতে গিয়েছিল। আদালত তাদের পুনর্বহালের আদেশ দেন। এই পুনর্বহালের ফলে জিম্বাবুয়ে ক্রিকেটের আবার আন্তর্জাতিক পরিমণ্ডলে ফিরে আসার পথ তৈরি হলো। আগামী ১২ অক্টোবর আইসিসি তার পরবর্তী বোর্ড সভায় বসবে। আর এই পদক্ষেপের ফলে জিম্বাবুয়ে এখন আবার সদস্যপদ ফিরে পাওয়ার আশা করতে পারে।
২৪ জুলাই আইসিসি এক চিঠি দিয়ে জিম্বাবুয়ের সদস্যপদ বাতিল করার পাশাপাশি তাদের বহিষ্কারের সম্ভাবনার কথা জানায়। বলা হয়, তারা নির্বাচিত কমিটির হাতে ক্ষমতা ফিরিয়ে না দিলে এই পদক্ষেপ নেওয়া হতে পারে, ‘আইসিসি যদি নির্ধারিত সময়ের মধ্যে আলোচ্য বিষয়ে সন্তোষজনক কোনো সাড়া না পায়, তাহলে আইসিসি এরপর আরো পদক্ষেপ নেওয়ার অধিকার রাখে। এই পদক্ষেপের মধ্যে সদস্যপদের আইন অনুযায়ী যেটা যথোপযুক্ত মনে হয়, এমনকি সদস্যপদ বাতিল পর্যন্ত করা হতে পারে।’