ভোলার মনপুরায় নিম্নচাপের প্রভাবে অস্বাভাবিক জোয়ারে নদী তীর সংরক্ষন (ব্লক ড্যাম্পিং) এলাকা সংলগ্ন ৩৬০ মিটার বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে। এছাড়াও বেড়িবাঁধের ওপর নির্মিত পাকা সড়কটির একটি অংশ ভেঙে পড়েছে। যে কোন সময়ে বেড়িবাঁধটি ভেঙে বির্স্তীণ এলাকা প্লাবিত হতে পারে।
এদিকে উপজেলার মূল ভূ-খন্ডের হাজিরহাট ইউনিয়নের দাসের হাট ও সোনারচর এলাকায় ২-৩ ফুট জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। অপরদিকে উপজেলার বিচ্ছিন্ন চর নিজাম ও কলাতলীর চর এলাকায় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার ভোর রাতে ও দিনের বেলার অস্বাভাবিক জোয়ারে উপজেলার ১ নং মনপুরা ইউনিয়নের রামেনেওয়াজ মত্স্য ঘাট এলাকার ব্লক বাঁধ সংলগ্ন বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে।
এ ব্যাপারে পানি বোর্ড ডিভিশন-২ এর উপ-সহকারি প্রকৌশলী আবুল কালাম জানান, ভাঙন কবলিত ৩৬০ মিটার বেড়িবাঁধের সংস্কারের জন্য গত মাসে জরুরি কাজ দেওয়া হয়েছে। তবে বৈরী আবহাওয়ার জন্য ঠিকাদারের কাজ করতে সমস্যা হচ্ছে। তারপরও দ্রুত কাজ শেষ করতে বলা হয়েছে। ঠিকাদার সাবেক ইউপি মেম্বার মিজান জানান, বৈরী আবাহাওয়া ও পাউবোর নতুন নিয়মে কাজ করতে সমস্যা হচ্ছে। এছাড়াও প্রকল্প এলাকায় মাটি ফেলা হলে তা জোয়ারে চলে যায়। এদিকে বালি পাওয়া না যাওয়ায় জিও ব্যাগের ড্যাম্পিং করা যাচ্ছে না।
উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদ জানান, ক্ষতিগ্রস্থ এলাকায় দ্রুত কাজ করার জন্য পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হয়েছে।