ছোটো ছেলেকে বিদেশে পাঠাতে জমি বিক্রি করে টাকা দেওয়ার অপরাধে বড়ো ছেলের হাতে মারধরের শিকার হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আবু বক্কর সিদ্দিক (৫৮) নামে এক হতভাগ্য বাবা।
ঘটনাটি বৃহস্পতিবার সন্ধ্যায় কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের উত্তর দুরাকুটি পশ্চিমপাড়া গ্রামে ঘটে।
আবু বক্কর সিদ্দিকের ছোটো ছেলে সাগর হোসেন জানান, আমার বড়ো ভাই মুকুল হোসেন সিলেটে একটি বই প্রকাশনীতে চাকরি করেন, বৃহস্পতিবার বিকালে ঈদের ছুটিতে সপরিবারে বাড়িতে আসেন। এসেই জমি বিক্রির কথা শুনে বাবার কাছে কারণ জানতে চান। বাবা তাকে জমি বিক্রির কথা বলার আগেই সে সময় বড়ো ভাই বাবার গলাধাক্কা দিয়ে মাটিতে ফেলে মারধর শুরু করে, পরে বাবার চিত্কারে এলাকাবাসী এগিয়ে এলে সে পালিয়ে যায়, তত্ক্ষণাত্ বাবাকে কিশোরগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়।
আবু বক্করের বড়ো ছেলে মুকুল হোসেনের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ বলেন, বিষয়টি অমানবিক, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।