দিনাজপুরের বিরলে ফরহাদুল ইসলাম (২৪) নামের এক সন্তানের জনকের শ্বাসরোধে হত্যা করা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে বিরল উপজেলার আট নম্বর ধর্মপুর ইউনিয়নের টিকড়িপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ফরহাদুল ইসলাম ধর্মপুর ইউনিয়নের টিকড়িপাড়া গ্রামের মোজাহার আলীর ছেলে। ফরহাদুল ইসলামের গলায় ওড়না প্যাঁচানোর দাগ পাওয়া গেছে।
বিরল থানার অফিসার ইনচার্জ এটিএম গোলাম রছুল জানান, প্রাথমিকভাবে পরকীয়ার জের ধরে শ্বাসরোধ করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এই ঘটনায় নিহতের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে আসা হয়েছে। লাশের সুরতহাল শেষ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।