মৌসুমী’স লাইভ কিচেন

ঈদে বর্ণিল অনুষ্ঠান প্রচার করবে বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল এটিএন বাংলা। অনুষ্ঠানগুলোর মধ্যে রয়েছে নাটক, টেলিফিল্ম, ম্যাগাজিন অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, সংগীতানুষ্ঠান, শিশুতোষ অনুষ্ঠান, সেলিব্রেটি শো, রম্য ম্যাগাজিন, একক নাটক, ধারাবাহিক নাটকসহ বিবিধ অনুষ্ঠান। ঈদের বিশেষ আয়োজনে প্রচার হবে ৯ পর্বের রান্নার অনুষ্ঠান মৌসুমী’স লাইভ কিচেন-২। ঈদের দিন থেকে  প্রতিদিন সকাল ১০টা ২০ মিনিটে অনুষ্ঠানটি প্রচার হবে। ব্যতিক্রমী এই অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন চিত্রনায়িকা মৌসুমী। উপস্থাপনার পাশাপাশি রন্ধনশিল্পী হিসেবেও অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তিনি। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন ফাহমিদা প্রেমা। ঈদ মানেই উত্সব, আনন্দ। তাইতো উত্সবের আমেজে মানানসই, বিশেষ করে কোরবানির ঈদ উপলক্ষে গরুর মাংসের বিভিন্ন মজাদার এবং আকর্ষণীয় রেসিপি দিয়ে সাজানো হয়েছে মৌসুমী’স লাইভ কিচেন-২ অনুষ্ঠানটি। চিত্রতারকা মৌসুমী অভিনয় নিয়েই ব্যস্ত সময় পার করে থাকেন। অবসর সময়ে রান্না করতেও পছন্দ করেন এই তারকা। তার পছন্দের কিছু রেসিপি নিয়ে সাজানো হয়েছে পুরো অনুষ্ঠানটি।