ছাতকে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে নারীসহ ২০ ব্যক্তি আহত হয়েছে। গুরুতর আহত একজনকে ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে। বৃহস্পতিবার সকালে উপজেলা চরমহল্লা ইউনিয়নের কামরাঙ্গি ও আহারগাঁও গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক বছর ধরে আহারগাঁও গ্রামের মৃত ইছবর আলীর পুত্র ছোরাব আলী ও কামরাঙ্গী গ্রামের মৃত আলতাব আলীর পুত্র কয়েছ মিয়া পক্ষদ্বয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে এক রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। সকালে কামরাঙ্গি গ্রামের আব্দুল কাহারের বাড়িতে প্রতিপক্ষের লোকজন হামলা ও ভাঙচুর চালালে সংঘর্ষের সূত্রপাত ঘটে। দফায়-দফায় সংঘর্ষে নারীসহ উভয়পক্ষের ২০ ব্যক্তি আহত হয়। গুরুতর আহত জাবেদ আহমদকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রবাসী নূরুল ইসলাম, হাফিজ জাবেদ আহমদ, হাজী আরজক আলী, সমুজ আলী, তৈমুছ আলী, নূর বানু, মোহনমালা, তানজিনা বেগম, পেয়ারা বেগমসহ আহতদের কৈতক হাসপাতালে ভর্তি ও স্থানীয়ভাবে চিকিত্সা দেয়া হয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই শফিকুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগে পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে।