৭ পর্বের ঈদ ধারাবাহিক ‘জুনিয়র আর্টিস্ট’

 

ঈদ আয়োজনে একুশে টেলিভিশনে ৭ দিনব্যাপী প্রচার হতে যাচ্ছে ঈদের বিশেষ ধারাবাহিক নাটক ‘জুনিয়র আর্টিস্ট’। প্রতিদিন সকাল ১০টা ৩০ মিনিটে নাটকটি প্রচার হবে। রাজীব মণি দাসের রচনা এবং কাজী সাইফ আহমেদের পরিচালনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন লুত্ফর রহমান জর্জ, মীর সাব্বির, এ্যানি খান, শিপন মিত্র, ইরা শিকদার, আরফান আহমেদ প্রমুখ।

গল্পে দেখা যায়, পিয়াল দীর্ঘ বছর নায়ক হওয়ার স্বপ্ন নিয়ে এফডিসিতে পড়ে থাকে জুনিয়র আটির্স্ট হয়ে। সে স্বপ্ন দেখে একদিন ফিল্মের নায়ক হবে, এই পর্যন্ত সে এক্সটা আর্টিস্ট হয়ে ১৯৯ ছবিতে অভিনয়ও করেছে।

তার ইচ্ছে ২০০ নম্বর ছবিতে মূল চরিত্রে অভিনয় করে সবাইকে চমকে দেবে। কিন্তু হঠাত্ তার ভালোবাসার মানুষ তৃণার বিয়ে নিয়ে উঠে পড়ে লাগে তৃণার মামা জামশেদ সাহেব। পিয়াল এই মুহূর্তে কী করবে বুঝতে পারে না। নাহিদকে নিয়ে মাস্টারপ্ল্যান করে সে। সিনেমায় তাদের মতো যারা উপেক্ষিত এক্সট্রা আর্টিস্ট আছে, যারা সিনেমায় কখনো ভালো রোল করার সুযোগ পায়নি, এটা হবে তাদের জীবনের শ্রেষ্ঠ রোল। এমনই এক ঘটনায় এগিয়ে যাবে নাটকটির গল্প।