ফিলাডেলফিয়ায় বিমান দুর্ঘটনায় নিহত ৩

এএফপি

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার পার্শ্ববর্তী আবাসিক এলাকার একটি বাড়ির পেছনের দিকের উঠোনে বৃহস্পতিবার ছোটো আকারের একটি বিমান বিধ্বস্ত হয়ে তিন জন নিহত হয়েছে। পুলিশ ওই দুর্ঘটনা ও নিহতের খবর নিশ্চিত করেছে।

স্থানীয় পুলিশ জানায়, ফিলাডেলফিয়া থেকে প্রায় ৩২ কিলোমিটার দূরে পেনসিলভানিয়ার আপার মোরল্যান্ডে ভোর ৬টার পরপরই এক ইঞ্জিনবিশিষ্ট এ বিমান বিধ্বস্ত হয়। এক বিবৃতিতে জানানো হয়, স্থানীয় এক বাসিন্দার বাড়ির পেছনের উঠোনে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা তিন যাত্রীর সবাই নিহত হয়েছে বলে পুলিশ বিভাগ নিশ্চিত করেছে। বিবৃতিতে আরো বলা হয়, নিহতদের মধ্যে স্বামী-স্ত্রী ও তাদের ১৯ বছর বয়সী মেয়ে রয়েছে। স্বামী-স্ত্রীর বয়স যথাক্রমে ৬০ ও ৫৪ বছর।