ভোলার চরফ্যাশনের মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে সজিব (২৫) নামের এক জেলে নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৬ মে) সকাল ১০টার দিকে উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের আলম মৎস্যঘাট সংলগ্ন মেঘনা নদীতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত সজিব উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সামছল হকের ছেলে। তিনি আলম ঘাট এলাকার একজন পেশাদার জেলে হিসেবে পরিচিত ছিলেন।
নিহতের চাচাতো ভাই আলাউদ্দিন জানান, প্রতিদিনের মতো সকালে মাছ ধরতে নদীতে যান সজিব। এসময় হঠাৎ আকাশ কালো হয়ে বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে বিকট শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই গুরুতর আহত হন তিনি। সঙ্গে থাকা অন্য জেলেরা দ্রুত তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, কয়েক বছর আগে বিয়ে করা সজিবের স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা। অনাগত সন্তানের মুখ দেখার আগেই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি।
চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শফিকুল ইসলাম শাওন জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
শশীভূষণ থানার ওসি ফিরোজ আহমেদ বলেন, এ ধরনের একটি ঘটনার সংবাদ পেয়েছি। মরদেহ বর্তমানে হাসপাতালে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।