ইত্তেফাক রিপোর্ট
পাহাড় ও সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিল্পীদের পরিবেশনা মুগ্ধতা ছড়াল রাজধানীবাসীর মনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় নানা পরিবেশনায় উঠে আসে ভিন্নধারার সংস্কৃতিময় জীবনের সৌন্দর্যসহ সুখ-দুঃখ আর সংগ্রামের কথা। মারমা, চাকমা, তঞ্চঙ্গ্যা ভাষার সংগীতের সুর ভেসে বেড়ায় প্রকৃতিতে। মান্দি নাচের ছন্দে চঞ্চল হয় দর্শনার্থীর হূদয়। এভাবেই ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বহুমাত্রিক পরিবেশনায় লাবণ্যময় হয়ে ওঠে আদিবাসী দিবসের সাংস্কৃতিক পরিবেশনা। গতকাল শুক্রবার ছিল জাতিসংঘ ঘোষিত ২৫তম আন্তর্জাতিক আদিবাসী দিবস। এ উপলক্ষ্যে ‘আদিবাসী ভাষা চর্চা ও সংরক্ষণে এগিয়ে আসুন’ প্রতিপাদ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ছাত্র সমাবেশের আয়োজন করে বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদ।
অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. সৌরভ শিকদার। সংহতি ছাত্র সমাবেশে বক্তব্য দেন নাট্যজন মামুনুর রশীদ, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জোবাইদা নাসরিন কণা, মুজাহিদুল ইসলাম নয়নসহ বিভিন্ন প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতারা। স্বাগত বক্তব্য দেন আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সাংগঠনিক সম্পাদক বাদল হাজং।
আলোচনা শেষে দ্বিতীয় পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা করা হয়। মঞ্চে আসে গারো সম্প্রদায়ের পাঁচ তরুণ ও পাঁচ তরুণী। গারো ভাষার গানের সুরে পরিবেশিত হয় যুগল নৃত্য। এরপর মান্দির নাচের ছন্দে মুগ্ধতা ছড়ান সুস্মিতা রেমা ও তার দল। সংগীত পরিবেশনায় অংশ নেয় আদিবাসী শিল্পীদের গড়া চারটি সংগীতদল। পাঁচ নারী শিল্পীর গড়া দল এফ মাইনর শুনিয়েছে মারমা, ত্রিপুরা, গারো ও তঞ্চঙ্গ্যা ভাষার চারটি গান। জীবনের নানা বিষয় যুক্ত হওয়া এসব সংগীতের বাণীতে উঠে আসে পাহাড়ে ঘুরে বেড়ানো বাসনা থেকে প্রবারণা পূর্ণিমার কথা। পিংকি চিড়ানের কণ্ঠসংগীতের সঙ্গে কাহন, গিটারসহ বাদ্যযন্ত্র পরিবেশনা উপস্থাপন করেন নাদিয়া রিছিল, গ্লোরিয়া মান্দা, এর্কিড প্রমুখ। জীবন সংগ্রামের অহঙ্কারের কথা প্রকাশ পায় ব্যান্ডদল মাদলের গানে। শ্যাম সাগরের কণ্ঠসংগীতে দলটির লিড গিটারে ছিলেন জেমসন আমলাই, বেজ গিটার বাজিয়েছেন অন্তর স্কু, মাদল বাজিয়েছেন হরেন্দ্রনাথ সিং এবং কাহনে সঙ্গত করেন অ্যান্তনি রেমা। রেমিনিসেন্স নামের দলটি পরিবেশন করেন করে চাকমা ভাষার গান ‘চম্পক নগর’, ‘আজার বজর দরি’ ও ‘মোর সোনার দেচ্চান’ শীর্ষক তিনটি সংগীত। এছাড়া সংগীত পরিবেশন করে ব্যান্ডদল ক্রেমলিন।