আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘এডিস মশা মানুষের চেয়ে শক্তিশালী নয়। আমরা নির্ভয়ে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করেছি, এটাও আমরা পারব।’ গতকাল শুক্রবার রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী বৃহস্পতিবার দেশে ফিরে বলেছেন, ডেঙ্গু নিয়ে, এডিস মশা নিয়ে মৌসুমি প্রস্তুতি নিলে চলবে না। সারা বছরই সচেতনতামূলক এবং অ্যাকশন প্রোগ্রাম থাকতে হবে।দেশ উন্নত হওয়ার পথে থাকায় ডেঙ্গু বাড়ছে—সরকারের একজন মন্ত্রীর এমন মন্তব্যের বিষয়ে প্রশ্ন করা হলে ওবায়দুল কাদের বলেন, কে ব্যক্তিগতভাবে কী বলল, সেটা ব্যাপার না। আসল কথা হচ্ছে—আমরা যা বলেছি তা করছি কি না। আমি বিশ্বাস করি ডেঙ্গু কিংবা এডিস মশা মানুষের চেয়ে শক্তিশালী কিছু নয়। দুই একজনের ছিটেফোঁটা মন্তব্য দিয়ে তো আমাদের সার্বিক কর্মকাণ্ডকে মূল্যায়ন করা যাবে না।
সড়ক পরিবহন মন্ত্রী বলেন, ‘আপনারা জানেন, ডেঙ্গু জ্বর সারাদেশে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। মানুষের মধ্যে এডিস মশার ভয় কাজ করছে। এজন্য ঘরে যাওয়ার আনন্দ তো আছেই, তার সঙ্গে কিছু সমস্যাও আছে। আমরা যাত্রা স্বস্তিদায়ক করার জন্য সর্বাত্মক চেষ্টা করব। আমরা সর্বাত্মকভাবে সব ডিপার্টমেন্ট নিয়ে ডেঙ্গু মোকাবিলায় প্রস্তুত। প্রধানমন্ত্রী দেশে ফেরার পর কর্মতত্পরতা আরো জোরদার হয়েছে। এই ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।
ওবায়দুল কাদের বলেন, ‘এবারের ঈদ যাত্রায় সড়ক-মহাসড়ক বিশেষ করে হাইওয়েতে কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে। পদ্মার মাওয়া থেকে জাজিরা প্রান্তে প্রচণ্ড স্রোত রয়েছে। স্রোতের কারণে ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছে। এ জন্য এখানে (বাস টার্মিনালে) অনেকে এখন গাড়ি পাচ্ছেন না। তবে আজকে (শুক্রবার) পরিস্থিতি ভালো। দুর্যোগপূর্ণ আবহাওয়া ছাড়া রাস্তা খারাপের বিষয় কোথাও নেই।’ অতিরিক্ত ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে ওবায়দুল কাদের বলেন, ‘অতিরিক্ত ভাড়ার বিষয়টি আমরা কঠোরভাবে মনিটরিং করছি। এখানে ভিজিলেন্স টিম আছে। পুলিশ, র্যাব, বিআরটিএ কাজ করছে।