আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম এমপি এডিস মশা নিধনে বছরব্যাপী সমন্বিত অ্যাকশন প্রোগ্রাম নিয়ে মাঠে নামতে এলজিআরডি মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ও দুই সিটি করপোরেশনের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ডেঙ্গু চিকিত্সা সেবা সেল পরির্দশন শেষে সাংবাদিকদের তিনি বলেন, ডেঙ্গু থেকে রক্ষা পেতে মশা নিধনের বিকল্প নেই। নাগরিকদেরও দায়বদ্ধতা রয়েছে। সবাইকে সচেতন হতে হবে, সতর্ক থাকতে হবে। জনগণ সচেতন হলে ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব হবে।
মোহাম্মদ নাসিম বলেন, ডেঙ্গু বর্তমানে আতঙ্ক সৃষ্টি করেছে। ঢাকার বাইরেও ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। তবে দেশের হাসপাতালগুলোর চিকিত্সক-নার্সরা, মেডিক্যাল টেকনোলজিস্ট, ল্যাব টেকনিশিয়ানরাসহ সংশ্লিষ্টরা রাত-দিন সেবা দিয়ে যাচ্ছেন। সাপ্তাহিক ছুটির দিনও তারা সেবা দিয়ে যাচ্ছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু রোগীদের সর্বোচ্চ মানের সেবা দেয়া হচ্ছে। এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া রোগীরা এখানকার চিকিত্সক, নার্স, ল্যাব টেকনিশিয়ানদের সেবায় সন্তোষ প্রকাশ করেছেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ডেঙ্গু সেল পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, গণআজাদী লীগের সভাপতি এসকে শিকদার, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, বিএসএমএমইউয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. জুলফিকার রহমান খান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহাবুবুল হক, হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ প্রমুখ।