বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে গাজীপুর সড়কে শ্রমিকরা বিক্ষোভ ও কারখানা ভাঙচুর করেছে। শুক্রবার সকালে মহানগরীর জয়দেবপুর লক্ষীপুরা (তিন সড়ক) এলাকার স্টাইল ক্র্যাফট লিমিটেড গার্মেন্টসের শ্রমিকরা এ বিক্ষোভ ও ভাঙচুর করে।
কারখানার অপারেটর স্বপনসহ কয়েকজন শ্রমিক জানান, জুলাই মাসের বেতন ও ঈদ বোনাসের দাবিতে সকাল সাড়ে ৮টার দিকে তারা কারখানায় বিক্ষোভ শুরু করে। তারপরও কর্তৃপক্ষ বেতন দিতে রাজি না হওয়ায় বিক্ষুব্ধ কিছু শ্রমিক কারখানার দরজা-জানালার কাঁচ, আসবাবপত্র ভাঙচুর করে। এক পর্যায়ে তারা কারখানার পার্শ্ববর্তী ঢাকা-গাজীপুর সড়কে অবস্থান নিয়ে অবরোধের সৃষ্টি করে। এতে সড়কের ঐ অংশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
র্যাব-১ এর গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের বেতনের আশ্বাস দেওয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ক্রাইম) মো. শরিফুর রহমান জানান, অর্থাভাবে কর্তৃপক্ষ ঈদ বোনাস এবং জুলাই মাসের পুরো বেতন না দিয়ে অর্ধেক বেতন পরিশোধ শুরু করলে শ্রমিকরা বিক্ষোভ শুরু করে।