ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, ফরিদপুর-৪ আসনের সদরপুর উপজেলাসহ তিনটি উপজেলার সার্বিক অবকাঠামোর উন্নয়নে আমি জনগণের পাশে আছি ও ভবিষ্যতেও থাকব। তিনি বলেন, জননেত্রী ও উন্নয়নের রূপকার শেখ হাসিনার সরকার ক্ষমতায় আছে বলে আমি জনগণের উন্নয়ন করতে পারছি। অতীতে যারা এখানকার এমপি-মন্ত্রী হয়েছেন, তারা নিজেদের আখের গুছিয়েছেন। জনগণের উন্নয়ন করেনি। এখানকার জনগণ দুই বার আমাকে এমপি নির্বাচিত করে উন্নয়নের দায়িত্ব দিয়েছেন। জনগণের উন্নয়ন করে সে দায়িত্ব আমি পালন করব ইনশাল্লাহ। তিনি গতকাল শুক্রবার বিকালে আকটেরচর ভায়া পিয়াজখালী সড়কের এলজিইডি বিভাগের পায় ৫০ লাখ টাকা বরাদ্দে এইচবিবিকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে একথা বলেন। আকটেরচর ইউনিয়নের চেয়ারম্যান চৌধুরী মনিরুল হক মুরাদের সভাপতিত্বে আকটেরচর বাজারে অনুষ্ঠিত এক পথসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, সদরপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল, ঢেউখালী ইউনিয়নের চেয়ারম্যান মো. ওমর ফারুক বেপারী, আকটেরচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজী গোলাম রব্বানী পান্নু প্রমুখ।