লাবণী পয়েন্টে নিখোঁজ, লাশ মিললো কবিতা চত্বর পয়েন্টে

ঈদের ছুটিতে বেড়াতে গিয়ে কক্সবাজার সৈকতে গোসল করতে গেলে নিখোঁজ হন দুই জন। এদের মধ্যে এক শিক্ষার্থীর লাশ পাওয়া গেছে। শনিবার দুপুরে কবিতা চত্বর পয়েন্টে তার লাশ পাওয়া যায়।  

নিহতের নাম মোহাম্মদ রফিক। তিনি শহরের পাহাড়তলীর বাসিন্দা ও ঢাকায় পড়াশুনা করেন। এদিকে এখনো নিখোঁজ রয়েছেন রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সিএসই বিভাগের শিক্ষার্থী ও কক্সবাজার শহরের রুমালিয়ারছরা পিটি স্কুল এলাকার আরিফুল ইসলাম। 

নিহত শিক্ষার্থীর বন্ধু ইফতারুল শাহীন ও জাজি জানান, দেশের বিভিন্ন এলাকায় অধ্যয়ন করা বন্ধুরা ঈদের ছুটিতে কক্সবাজার বেড়াতে আসে। এদের মধ্যে ৮ বন্ধু ফুটবল নিয়ে সৈকতের বালিয়াড়িতে খেলতে যায়। ফুটবল খেলে সবাই গোসল করতে নামে। এসময় অসাবধানতাবশত পাঁচ জন চোরাবালিতে আটকা পড়ে। তিন জনকে কোনমতে উদ্ধার করা গেলেও আরিফ ও রফিক নিখোঁজ হয়ে যায়। শনিবার বেলা ১টার দিকে সৈকতের লাবণী পয়েন্টে এ ঘটনা ঘটে।

আরো পড়ুন: কাশ্মীরের পরিবর্তন সংবিধান মেনেই হয়েছে : রাশিয়া

ঘটনাস্থলে থাকা কক্সবাজার সদর থানার উপপরিদর্শক (এসআই) আরাফাতের বরাত দিয়ে সদর থানার ওসি (তদন্ত) মো. খায়রুজ্জামান বলেন, নিষিদ্ধ সময়ে শিক্ষার্থীরা সাগরে গোসল করতে নেমেছিল। খবর পেয়ে বিচ কর্মী, পুলিশ ও সংশ্লিষ্টরা নিখোঁজদের উদ্ধারে কাজ শুরু করে। 

ইত্তেফাক/জেডএইচ