ক্ষমতার চাকচিক্য নয়, মানুষের পাশে নেতৃত্বের উপাখ্যান

রোমান সম্রাট মার্কাস অরেলিয়াস তার ‘মেডিটেশনস’ গ্রন্থে লিখেছিলেন, একজন শাসকের সবচেয়ে বড় শক্তি তার ক্ষমতায় নয়, বরং তার বিনয়ে। ক্ষমতা মানুষকে বিচ্ছিন্ন করে, জনবিচ্ছিন্নতাই শাসকের পতনের মূল কারণ হয়ে দাঁড়ায়। পতিত স্বৈরাচার শেখ হাসিনার পতনই এর উৎকৃষ্ট উদাহরণ। কিন্তু ২০২৬ সালের বাংলাদেশে আমরা এক ভিন্নধর্মী দৃশ্যপট দেখছি। ক্ষমতার কঠোর প্রটোকল আর যান্ত্রিকতার মধ্যেও আলাদা হয়ে উঠছেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। তার কর্মকাণ্ডে জনসেবার যে ধরণটি ফুটে উঠছে, তাকে রাজনীতির ভাষায় ‘লিডারশিপ বাই এক্সাম্পল’ বলা যেতে পারে। রাষ্ট্রবিজ্ঞানের একটি প্রাচীন বিতর্কই হলো—নেতা কি সমাজের ওপর থেকে শাসকের দণ্ড পরিচালনা করবেন, নাকি সমাজের ভেতর থেকে সেবকের ভূমিকা নেবেন? গ্রিক দার্শনিক প্লেটো তার‘রিপাবলিক’ গ্রন্থে ‘ফিলোসফার কিং’ বা দার্শনিক রাজার কথা বলেছিলেন, যিনি কেবল প্রজ্ঞার মাধ্যমে শাসন করবেন। কিন্তু আধুনিক গণতান্ত্রিক যুগে এসে আমরা এমন এক নেতৃত্বের সন্ধান করি, যিনি তাত্ত্বিক প্রজ্ঞার সাথে মাটির খাঁটি ঘ্রাণ মিশিয়ে দিতে পারেন। সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর প্রশাসনিক ও ব্যক্তিগত আচরণ বিশ্লেষণ করলে সেই বিরল ‘সার্ভেন্ট লিডারশিপ’ বা সেবক-নেতৃত্বের দেখাও মেলে। তার এই পথচলা কেবল ক্ষমতার প্রথাগত চর্চামাত্র নয়, বরং একটি দীর্ঘকাল ধরে ক্ষয়ে যাওয়া রাজনৈতিক সংস্কৃতিকে পুনরায় মেরামত করার এক নীরব মনস্তাত্ত্বিক বিপ্লব।

যেকোনো মহীরুহের প্রকৃত পরিচয় যেমন লুকিয়ে থাকে তার মাটির গভীরে থাকা শিকড়ে, তেমনি বর্তমান প্রধানমন্ত্রীর এই সহজ-সরল জীবনবোধের উৎস খুঁজতে আমাদের ফিরে যেতে হবে চার দশক আগের বাংলাদেশে। তার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন গ্রামবাংলার ধুলোমাটি মাখা এক অবিসংবাদিত রাষ্ট্রনায়ক। প্রটোকলের কঠোর দেয়াল ভেঙে খালের পাড়ে বসে সাধারণ কৃষকের সাথে মুড়ি খাওয়া কিংবা হঠাৎ চলন্ত গাড়ি থামিয়ে মেঠো পথে সাধারণ মানুষের দুঃখ-দুর্দশার কথা সশরীরে শোনা—জিয়াউর রহমান ক্ষমতার রাজকীয় দূরত্বের অবসান ঘটিয়ে জনগণের সাথে একাত্ম হয়েছিলেন। চার দশক পর এসে বাংলাদেশের মানুষ দেখছে, সেই ঐতিহাসিক উত্তরাধিকার কেবল রক্তের বন্ধনে সীমাবদ্ধ থাকেনি, তা রূপান্তরিত হয়েছে জনমুখী দর্শনে। প্রধানমন্ত্রী যখন কোনো প্রকার অহংকার ছাড়া সাধারণ মানুষের ভিড়ে মিশে যান, তখন সেটি কেবল রাজনৈতিক লিগ্যাসির আনুষ্ঠানিক প্রতিফলন থাকেনা; বরং তা প্রমাণ করে যে, প্রকৃত গণমুখী নেতা জনগণের চেয়ে নিজেকে কখনো বড় বা বিচ্ছিন্ন মনে করেন না। তার এই অবয়ব—বিশেষ করে সেই চিরচেনা সাদা শার্টের অতি সাধারণ পোশাক—আমাদের রাজনীতিতে এক ধরনের ‘প্রতীকীমিতব্যয়িতা’ বা ‘সিম্বলিক মিনিমালিজম’ নিয়ে এসেছে। এটি ক্ষমতার চিরাচরিত জাঁকজমকপূর্ণ দম্ভ ও আভিজাত্যকে অবলীলায় খারিজ করে দেয় এবংপ্রমাণ করে যে, সরলতার চেয়ে বড় কোনো শক্তি রাজনীতিতে হতে পারে না।

রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার ইতিহাসে অনেক সময় হাজার কোটি টাকার মেগা প্রজেক্টের চেয়ে একটি ক্ষুদ্র মানবিক মুহূর্ত মানুষের অবচেতন মনে অনেক বেশি গভীর রেখাপাত করে। যশোরের একটি সাধারণ রাস্তায় বাসে চড়ে যাওয়া এক প্রান্তিক মা এবং তার কোলজুড়ে থাকা নিষ্পাপ শিশুটিকে দেখে দেশের প্রধানমন্ত্রীর চলন্ত গাড়িবহর থামিয়ে দেওয়া কোনো সাধারণ ঘটনা ছিল না। দেশের বিভিন্ন প্রান্তে সফরের সময় অতিসারল্যভাবে গাড়ি থামিয়ে কিংবা অতি সাধারণ কাউকে কাছে ডেকে বিনয়ের আলাপচারিতার তার প্রতিনিয়ত উদাহরণ সমাজে মানুষের মাঝে দাগ কাটছে। কোনো প্রথাগত প্রশাসনিক নিয়ম বা নিয়মতান্ত্রিক দায়িত্বের মধ্যে এটি পড়ে না, এটি মূলত এক সংবেদনশীল অন্তরের স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ। বিশ্বখ্যাত নেতৃত্ব বিষয়কবিশেষজ্ঞ সাইমন সিনেক একটি চমৎকার কথা বলেছিলেন, ‘নেতৃত্ব মানে অন্যকে শাসন করা নয়, নেতৃত্ব মানে অন্যের যত্নে থাকা এবং নিজেকে বিলিয়ে দেওয়া।’ প্রধানমন্ত্রী যখন সেই সাধারণ মায়ের সাথে জানালার পাশে দাঁড়িয়ে কুশল বিনিময় করেন, তখন তিনি কেবল একটি রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী প্রধান হিসেবে নন, বরং একজন পরম সহমর্মী মানুষ হিসেবে ধরা দেন। পরবর্তীতে সেই মা ও শিশুর জন্য রাষ্ট্রীয়ভাবে উপহার পাঠানো নিশ্চিত করা এই মানবিকতার ধারাকে আরও দীর্ঘস্থায়ী করে। সাধারণ নাগরিকের সাথে রাষ্ট্রের সর্বোচ্চব্যক্তির এই যে সরাসরি দৃষ্টির সংযোগ ও সংলাপ, এটিই মূলত শাসন ব্যবস্থার প্রতি মানুষের পুঞ্জীভূত ক্ষোভ ও জনবিচ্ছিন্নতার দেয়ালকে এক নিমেষে চুরমার করে দেয়।

প্রধানমন্ত্রীর এই সাদামাটা চলন বিশ্ব রাজনীতিরমঞ্চে আমাদের বারবার মনে করিয়ে দেয় উরুগুয়ের সাবেক কিংবদন্তি প্রেসিডেন্ট হোসে মুজিকার কথা, যিনি তার আয়ের সিংহভাগ গরিব মানুষের কল্যাণে দান করে দিতেন এবং নিজে একটি অতি সাধারণ খামারে বাস করতেন। কিংবা নিউজিল্যান্ডের সাবেক সফল প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন, যাঁর কোলের শিশুকে নিয়ে জাতিসংঘে যাওয়া কিংবা সাধারণ মানুষের সারিতে দাঁড়িয়ে সুপারমার্কেটে কেনাকাটা করার দৃশ্য বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছিল।বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন ট্রাফিক সিগন্যালে আর দশটা সাধারণ গণপরিবহনের মতো লাল বাতিজ্বলা পর্যন্ত নিজের গাড়ি থামিয়ে ধৈর্যের সাথে অপেক্ষা করেন, তখন তিনি মূলত সমাজকে এই চিরন্তন বার্তাই দেন যে—আইনের চোখে শাসক ও শাসিত সম্পূর্ণ অভিন্ন। উন্নত বিশ্বে এটি একটি সাধারণ প্রথা বা নাগরিক সংস্কৃতি হতে পারে, কিন্তু দক্ষিণ এশিয়ার ঐতিহ্যগত প্রটোকল-নির্ভর যে‘ভিআইপি কালচার’ বা সামন্ততান্ত্রিক মানসিকতাগড়ে উঠেছে, সেখানে এটি এক অভূতপূর্ব ও বৈপ্লবিকদৃশ্যপট। যখন প্রধানমন্ত্রীর গাড়ি সিগন্যালে এসে দাঁড়ায় এবং সাধারণ মানুষ জানালার বাইরে হাত নেড়ে তাঁকে শুভেচ্ছা জানায়, আর তিনিও পরম আন্তরিকতায় হাসিমুখে হাত নেড়ে সেই শুভেচ্ছার উত্তর দেন, তখন সেই দৃশ্যটি দৃশ্যত প্রমাণ করে যে, রাষ্ট্রব্যবস্থা এখন আর জনগণের ওপর চেপে বসা কোনো ভিনদেশী বোঝা নয়, বরং এটি এ দেশের সাধারণ মানুষেরই জীবনের একটি অবিচ্ছেদ্যঅংশ।

একজন নেতা তার ঘরের ভেতর কেমন, তার পারিবারিক পরিমণ্ডলে কেমন আচরণ করছেন—তার ওপরই মূলত নির্ভর করে তার নৈতিক ও আদর্শিক ভিত্তি। সিলেটের এক জনসভায় প্রচণ্ড বৃষ্টির দিনে মঞ্চে দাঁড়িয়ে নিজের সহধর্মিণীর মাথায় পরম মমতায় ছাতা ধরে রাখার দৃশ্য কিংবা নিজের কন্যাকে নিয়ে সাধারণ আর দশটা পরিবারের মতো ঢাকার সিনেমা হলে গিয়ে টিকিট কেটে চলচ্চিত্র উপভোগ করার এই ক্ষুদ্রাতিক্ষুদ্র কাজগুলো সমাজকে একটি অত্যন্ত শক্তিশালী পারিবারিক ও সামাজিক বার্তা দেয়। ফরাসি দার্শনিক জঁ-জাকরুসো মনে করতেন, পরিবার হলো একটি সুস্থসমাজের ক্ষুদ্রতম ইউনিট এবং সেখানেই মানুষের প্রকৃত নৈতিকতা ও মূল্যবোধের শিক্ষা শুরু হয়।একজন প্রধানমন্ত্রী যখন কোনো বিশেষ প্রটোকল বা হল বুকিং না করে সাধারণ প্রেক্ষাগৃহে সাধারণ দর্শকের পাশাপাশি বসে সিনেমা দেখেন, তখন তিনি যুগ যুগ ধরে চলে আসা সেই মধ্যযুগীয়‘রাজকীয় দূরত্ব’ ও রাজকীয় আভিজাত্যকে এক নিমেষে ধূলিসাৎ করে দেন। এটি কেবল সাময়িক কোনো বিনোদন ভ্রমণ নয়, এটি হলো জনগণের মনস্তাত্ত্বিক, সামাজিক ও সাংস্কৃতিক জীবনের সাথে রাষ্ট্রের সর্বোচ্চ পদের একাত্মতা ঘোষণা। সাধারণ মানুষের সাথে নিজের ব্যক্তিগত জীবন, আনন্দ ও পারিবারিক আবেগ ভাগ করে নেওয়ার এই যে অকৃত্রিম মানসিকতা, এটিই মূলত তাঁকে একজন অনন্য সাধারণ রাষ্ট্রনায়কে পরিণত করছে।

বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক জীবনের মূল চালিকাশক্তি এবং প্রাণের স্পন্দন লুকিয়ে আছে তার কৃষিতে এবং রোদ-বৃষ্টি মাথায় নেওয়া কোটি কৃষকের অক্লান্ত পরিশ্রমে। প্রধানমন্ত্রী যখন প্রটোকলের কড়া নিরাপত্তা বলয় উপেক্ষা করে মেঠোপথের ধারে কৃষকদের সাথে হাত মেলান কিংবা তাঁদের সাথে সরাসরি মাটির ওপর দাঁড়িয়ে কথা বলেন, তখন সেটি কেবল রাজনীতি বা আগামী নির্বাচনের ভোটের হিসাব থাকে না, তা হয়ে ওঠে একটি কল্যাণকামী রাষ্ট্রের অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের মূল ভিত্তি। তার সরকার কর্তৃক প্রবর্তিত ‘কৃষক কার্ড’ এবং সাধারণ মানুষের দুঃখ লাঘবে আনা ‘ফ্যামিলিকার্ড’ কেবল দুটি সাধারণ প্রশাসনিক উদ্যোগ বা কাগজের টুকরো নয়, এটি হলো রাষ্ট্রের পক্ষ থেকে তার প্রান্তিক ও মেহনতি নাগরিকের প্রাপ্য সম্মান ও মৌলিক অধিকারের এক আনুষ্ঠানিক রাষ্ট্রীয় স্বীকৃতি। প্রাচ্য ও প্রতীচ্যের প্রাচীন দর্শনে কৃষিকে সবসময়ই পৃথিবীর সবচেয়ে পবিত্র ও মর্যাদাপূর্ণ কাজ হিসেবে দেখা হয়েছে। রোমান কবি ভার্জিল তার কবিতায় কৃষকের শ্রমের যে মাহাত্ম্য বর্ণনা করেছিলেন, বর্তমান প্রধানমন্ত্রী যখন কৃষকের সেই ঘাম আর শ্রমকে রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদা দেন, তখন তিনি মূলত বাংলাদেশের হাজার বছরের আদি ও অকৃত্রিম পরিচিতিকেই বিশ্বমঞ্চে পুনঃপ্রতিষ্ঠা করেন।একই সাথে তার দেশব্যাপী নেওয়া ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি কেবল পরিবেশ রক্ষার কোনো গতানুগতিক সরকারি লিফলেট নয়, এটি একটি সবুজ, সুন্দর ও টেকসই বাংলাদেশের রূপরেখা, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বসবাসযোগ্য পৃথিবী নিশ্চিত করার দীর্ঘমেয়াদী স্বপ্নবুনে চলেছে।

প্রধানমন্ত্রী যখন সরকারের কয়েকজন পদস্থ ব্যক্তির মশক নিধন শিখতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ দেন, তখন জনকল্যাণ, মিতব্যয়িতা ও দেশপ্রেমের এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়। এই ধরনের সিদ্ধান্ত সাধারণ মানুষের মাঝেও ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে। কারণ মানুষ যখন দেখে দেশের সর্বোচ্চ নির্বাহী পর্যায় থেকে সরকারি অর্থের সাশ্রয়, অপচয় রোধ এবং জনস্বার্থকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে, তখন তাদের মধ্যে আস্থা ও শ্রদ্ধাবোধ আরও বৃদ্ধি পায়। অনেকের কাছেই এটি কেবল একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়; বরং দেশের প্রতি দায়বদ্ধতা ও দেশপ্রেমের একটি বাস্তব প্রতিফলন।

সাধারণ মানুষ বিশ্বাস করতে চায় যে রাষ্ট্রের প্রতিটি টাকা জনগণের কল্যাণে ব্যয় হবে। প্রধানমন্ত্রীর এ ধরনের মন্তব্য ও সিদ্ধান্ত সেই বিশ্বাসকে আরও শক্তিশালী করে। এটি জনগণকে আশ্বস্ত করে যে দেশের সম্পদ ব্যবহারের ক্ষেত্রে তিনি কেবল আনুষ্ঠানিকতা বা চাকচিক্যের দিকে নয়, বরং প্রকৃত উপযোগিতা ও জনকল্যাণের দিকেই অধিক গুরুত্ব দিচ্ছেন। আর সেখানেই ফুটে ওঠে দেশের প্রতি তার আন্তরিক ভালোবাসা ও দায়িত্ববোধ।

বাংলাদেশের মানুষ বর্তমান প্রধানমন্ত্রীর "অসাধারণ" ক্ষমতার চূড়া থেকে ‘সাধারণ’ মানুষের কাতারে নেমে আসার যে মানবীয় গুণ প্রত্যক্ষ করছে তা দেশের রাজনীতির এক নতুন ব্যাকরণ ও ইতিহাস তৈরিকরছে। তিনি নিজের যাপন ও কর্ম দিয়ে প্রমাণ করেছেন যে, একটি রাষ্ট্রকে সঠিকভাবে পরিচালনাকরার জন্য ক্ষমতার নিষ্ঠুর কঠোরতা নয়, বরং মানুষের প্রতি বুকভরা সহমর্মিতাই হলো শ্রেষ্ঠতম রাজনৈতিক অস্ত্র। 
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনের শেষলগ্নে ‘সভ্যতার সংকট’ প্রবন্ধে মানুষের প্রতি মানুষের হারানো বিশ্বাস ফিরে পাওয়ার আকুল আবেদন করেছিলেন। আজ বাংলাদেশের রাজনীতিতে শাসক ও শাসিতের মাঝে যে প্রথাগত ও দুর্ভেদ্য দূরত্বের দেয়াল বছরের পর বছর ধরে তুলেরাখা হয়েছিল, বর্তমান প্রধানমন্ত্রী সেই দেয়ালে অজস্র জানালা তৈরি করেছেন, যে জানলা দিয়ে এদেশের সাধারণ মানুষ আজ রাষ্ট্রের সর্বোচ্চ শিখরকে নিজেদের খুব আপন বলে দেখতে পায়। এই অনন্য সাধারণ, নিরহংকার ও জনবান্ধব নেতৃত্বের হাত ধরেই বাংলাদেশ তার গৌরবময় এবংবৈষম্যহীন ভবিষ্যতের দিকে আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাবে—যেখানে ক্ষমতার মসনদে বসা নেতা হবেন জনগণের পরম আপনজন, আর সাধারণ জনগণই হবে এই স্বাধীন রাষ্ট্রের প্রকৃত ও একমাত্রমালিক।

লেখক: সাংবাদিক ও লেখক