ঈদের ১০ দিন
চ্যানেল :এটিএন বাংলা
সময় :সন্ধ্যা ৭টা ৩০ মিনিট
ঈদের দিন থেকে দশম দিন পর্যন্ত সন্ধ্যা ৭টা ৩০ মিনিট এটিএন বাংলায় প্রচার হবে ধারাবাহিক নাটক ‘একটি ডিভোর্সের জন্য’। মোহন খানের রচনা ও পরিচালনায় নির্মিত এই ধারাবাহিকটিতে অভিনয় করেছেন সজল, মৌসুমী হামিদ, নাজিরা মৌ, অর্ষা, রিমি করিম, নাসিম, প্রাণ, আশিক প্রমুখ।
রাতুল আর রুমানার ৩ বছরের সংসার। এই ৩ বছরের সংসার জীবনের পুরোটা সময় জুড়ে রয়েছে শুধু ঝগড়া। এ কারণে শেষ পর্যন্ত তারা দু’জনই সিন্ধান্ত নেয় আর এক ছাদের নিচে থাকবে না। কিন্তু সমস্যা একটাই, তা হলো কেউই ডিভোর্স দিতে পারছে না। কারণ দু’জনেরই ইগো সমস্যা। দু’জনই আলাদাভাবে নিজেদের ল’ ইয়ারের সঙ্গে যোগাযোগ করে। তারপরও কিছু হয় না। শেষ পর্যন্ত দু’জন ভিন্নভাবে নানারকমের চেষ্টা করতে থাকে। সে চেষ্টাগুলো সব ক্ষেত্রেই হাসির বিষয় হয়ে সমাপ্তি ঘটে। দু’জনের দূরত্ব বাড়ে, কিন্তু কোথাও একটা পিছুটান থেকে যায়। ফলে তারা চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেয় এবার এমন একটা কিছু করবে যাতে করে ওদের ডিভোর্স হতে বাধ্য। সে অনুযায়ী তারা নেমে পড়ে তাদের মিশনে। কিন্তু সে মিশনের ফল এমন দাঁড়াবে এটা তারা কেউই কল্পনা করতে পারেনি। এমনই হাস্য-রসাত্মক এবং নাটকীয় ঘটনার মধ্যে দিয়ে এগিয়ে যেতে থাকে ‘একটি ডিভোর্সের জন্য’ ধারাবাহিকের কাহিনি।