দুমকিতে অধিকাংশ আয়রন ব্রিজ বেহাল!

দুমকিতে অধিকাংশ আয়রন ব্রিজ বেহাল হয়ে পড়ায় দুর্ভোগের শিকার হচ্ছে প্রত্যন্ত এলাকার স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও এলাকাবাসী।

উপজেলার ৫টি ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় জনচলাচলের গ্রামীণ কাঁচারাস্তা ও ইউনিয়ন কানেক্টিং সড়কের খাল ও নালার ওপর নির্মিত আয়রন ব্রিজগুলো সংস্কারাভাবে বেহাল হয়ে পড়েছে। এসব আয়রন ব্রিজের অধিকাংশই বিভিন্ন স্থানের স্লিপার ভেঙে পারাপারের অযোগ্য হয়ে আছে। কয়েকটি ব্রিজের আংশিক ও সম্পূর্ণ স্লিপার ভেঙে পড়ায় শুধু ব্রিজের আয়রন কাঠামো দাঁড়িয়ে রয়েছে। এলাকাবাসী বিকল্প পথে বাঁধ দিয়ে ওইসব পথে যাতায়াত করছে।

সরেজমিনে দেখা যায়, উপজেলার জনতা কলেজ থেকে দক্ষিণে কার্ত্তিকপাশা মুন্সীরবাজার সড়কে শরীফবাড়ি সংলগ্ন আয়রন ব্রিজের উভয় দিকের অন্তত দুই তৃতীয়াংশ স্লিপার ভেঙে জনচলাচল মারাত্মক বিঘ্নিত হচ্ছে। এ সড়ক দিয়ে উপজেলা সদরে নিত্য চলাচলকারী বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসার শত শত ছাত্র-ছাত্রীসহ ১০ গ্রামের মানুষ চরম দুর্ভোগের শিকার হয়েছে। এলাকাবাসী ব্রিজটি দ্রুত সংস্কারের দাবি করে আসলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে নির্বিকার।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আনিছুর রহমান মৃধা বলেন, ইউপি চেয়ারম্যানের মাধ্যমে উপজেলা প্রকৌশল বিভাগে বহুবার আবেদন করলেও ফল পাওয়া যাচ্ছে না।

লেবুখালী ইউপি চেয়ারম্যান শাহআলম আকন বলেন, উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় উত্থাপন করা হয়েছে। ইউনিয়ন পরিষদ থেকে প্রকল্প দেওয়া হলেও সাড়া মিলছে না।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী দিপুল কুমার বিশ্বাস বলেন, আয়রন ব্রিজগুলো সংস্কারের প্রকল্প প্রস্তাব প্রধান প্রকৌশল অধিদপ্তরে পাঠানো হয়েছে। বরাদ্দ পেয়ে দ্রুত সংস্কার কাজ শুরু হবে।