বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা-চোমরপাথালিয়া সংযোগ সড়কের আটাপাড়া হলদিবাড়ি গ্রামে সড়কের পাশে একটি বৈদ্যুতিক খুঁটি প্রায় এক মাস আগে ঝড়ো হাওয়ায় হেলে পড়ে। কিন্তু, এত দিনেও সেই খুঁটি সোজা করা হয়নি। খুঁটিতে রয়েছে ১১ কেভি ভোল্টের চালু সঞ্চালন লাইন। তার ছিঁড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ১১ কেভি ভোল্টের সঞ্চালন লাইনের বিদ্যুতের খুঁটি হেলে পড়ে আছে ফসলি জমির উপর। খুঁটির আশপাশে মাঠে লোকজন কাজ করছেন। কেউ কেউ গরু-ছাগল চরাচ্ছেন। আবার সড়ক দিকে চলছে অটোভ্যান, সিএনজি, অটোরিকশা, মোটরসাইকেলসহ নানা যানবাহন। শিক্ষার্থীরাও যাচ্ছে এসব যানবাহনে। সেখানে বাঁশের ওপর কোনো রকমে ভর দিয়ে রাখা খুঁটিটি যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। এতে বিদ্যুতের তার ছিঁড়ে ঘটে যেতে পারে বড় কোনো দুর্ঘটনা।
তথ্যমতে, এই সঞ্চালন লাইন থেকে ছোনকা, হলদিবাড়ি, ইটালী, আটাপাড়া, স্বরো, গোয়ালজানি গ্রামের গ্রাহকদেরকে বাসাবাড়ি ও সেচ পরিচালনার কাজে সংযোগ দেওয়া হয়েছে। এছাড়াও, হলদিবাড়ি মিফতাউল উলুম কওমি মাদ্রাসা, স্বরো সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোয়ালজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ এই লাইনের আওতায়।
স্থানীয় ভ্যানচালক মো. আল-আমিন বলেন, ‘খুঁটিটি হেলে পড়লেই তিনি বগুড়ার শেরপুর উপজেলার বিক্রয় ও বিতরণ বিভাগ, (নেসকো) পিএলসি অফিসে ফোন করে জানিয়েছিলেন। সেখান থেকে বলা হয় সশরীরে অফিসে গিয়ে লিখিত অভিযোগ দিতে। এই রাস্তায় ভ্যানচালাতে ভয় লাগে—এই বুঝি খুঁটি ভেঙে পড়ল বা তার ছিঁড়ে পড়ল। এমন অবস্থায় দিনের পর দিন খুঁটিটি ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।’
আরেক বাসিন্দা লোকমান হাকিম বলেন, খুঁটি হেলে পড়ার পর থেকে বারবার ফোনে জানালেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। গত ৭ দিন আগে দুই ব্যক্তি এসে ২টি বাঁশ দিয়ে খুঁটিতে ঠেস দিয়ে গেছে। এই বাঁশ কিভাবে খুঁটিটি ধরে রাখবে? আমাদের বুঝে আসে না। বড় ধরণের দুর্ঘটনা না ঘটা পর্যন্ত তাদের টনক নড়বে বলে মনে হয় না।’
স্থানীয় ইউপি সদস্য হামিদা বেগম বলেন,
প্রায় দেড় মাস হলো খুঁটিটি হেলে পড়েছে। বাঁশ দিয়ে খুঁটি ঠেস দেওয়া হয়েছে। এটি খুবই বিপদজনক অবস্থায় আছে। বিষয়টি বিদ্যুৎ অফিস কর্তৃপক্ষ দ্রুত আমলে নেবে বলে আশা করছি।’
এ বিষয়ে বগুড়ার শেরপুর উপজেলার বিক্রয় ও বিতরণ বিভাগ, (নেসকো) পিএলসির নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল্লাহ আল ফারুক বলেন, ‘বিষয়টি কেউ লিখিত কিংবা মৌখিকভাবেও জানায়নি। যেহেতু জেনেছি, আমি দ্রুত খুঁটিটি স্থায়ীভাবে প্রতিস্থাপনের ব্যবস্থা করে দেব।