সীমান্তে নিরাপত্তায় বিজিবির পাশাপাশি আনসার

‘পুশ ইন’ প্রতিরোধে সীমান্ত এলাকায় বিজিবির কঠোর অবস্থানের পাশাপাশি নিরাপত্তা জোরদারে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যদের মোতায়েন করা হয়েছে। প্রয়োজনে অতিরিক্ত জনবল সরবরাহের জন্য আনসার ব্যাটালিয়নের সদস্যদেরও প্রস্তুত রাখা হয়েছে।

সোমবার (৮ জুন) বিকেলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্তবর্তী ১১ জেলার বিভিন্ন উপজেলায় ইতোমধ্যে উপজেলা ও থানা আনসার, ভিডিপি এবং টিডিপি সদস্যদের মোতায়েন করা হয়েছে। এসব জেলার মধ্যে রয়েছে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা, ঠাকুরগাঁও, দিনাজপুর, সিলেট, জামালপুর ও খাগড়াছড়ি।

আনসার বাহিনী জানায়, বর্তমান পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া এবং প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত জনবল সরবরাহ নিশ্চিত করতে আনসার ব্যাটালিয়নের সদস্যদেরও প্রস্তুত ও সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত বছর বিজিবির সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা কার্যক্রমে আনসার-ভিডিপি সদস্যদের সম্পৃক্ত করা হয়েছে।

বাহিনীর মতে, সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি, আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধ এবং স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির কার্যক্রমে সহায়ক ভূমিকা পালন করবে আনসার-ভিডিপি সদস্যরা। এর মাধ্যমে একটি সমন্বিত ও টেকসই নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।