ডেপুটি স্পিকারের নেতৃত্বে চীন সফরে যাচ্ছেন এনসিপির আখতারসহ চার এমপি

চীনের ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইউবোর আমন্ত্রণে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বে চার সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদল চার দিনের সফরে চীন যাচ্ছে।

প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, বিএনপির সংসদ সদস্য মো. খালেদ হোসাইন মাহবুব এবং সংরক্ষিত নারী আসনের স্বতন্ত্র সংসদ সদস্য সুলতানা জেসমিন।

বুধবার (১০ জুন) প্রতিনিধিদলটি ঢাকায় থেকে চীনের কুনমিংয়ের উদ্দেশে রওনা হবে।

সফরসূচি অনুযায়ী, ১১ জুন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ৭ম চায়না-সাউথ এশিয়া কোঅপারেশন ফোরামে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। একই দিনে তিনি চীনা কমিউনিস্ট পার্টির ইউনান প্রাদেশিক কমিটির সেক্রেটারি ওয়াং নিংয়ের সঙ্গে একান্ত বৈঠকে মিলিত হবেন। বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এছাড়া প্রতিনিধিদলটি ১০ম চায়না-সাউথ এশিয়া এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেবে এবং বাংলাদেশ থিম কান্ট্রি প্যাভিলিয়ন পরিদর্শন করবে।

সফরের শেষ দিকে ১২ জুন ডেপুটি স্পিকার ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইউবোর সঙ্গে বৈঠক করবেন। এ সময় দুই পক্ষের মধ্যে বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে মতবিনিময় হবে।