আসছে না ভারতীয় পণ্য, পাকিস্তানে ঈদের আনন্দ ফিকে!

কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয়ায় ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বাতিল করেছে পাকিস্তান। এনিয়ে একধরণের বিপাকে পড়েছে পাকিস্তান। ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ, টমেটো-সহ বিভিন্ন সবজি পাকিস্তানের কাঁচা বাজারের চাহিদা মেটায়। কিন্তু বাণিজ্য সম্পর্ক বাতিল হওয়ায় পাকিস্তানের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম তুঙ্গে। 

পাকিস্তানের জনগনের উদ্বেগ, মুদ্রাস্ফীতির জেরে এমনিই জিনিসপত্রের দাম বাড়ছে। তার উপরে ভারত থেকে পেঁয়াজ ও অন্যান্য পণ্যের আমদানি বন্ধ হওয়ায় চাপ আরও বাড়ছে। 

ইসলামাবাদের এক গৃহবধূ সংবাদসংস্থা এএনআইকে জানিয়েছেন, ‘মুদ্রাস্ফীতি এমনিতেই আমাদের রান্নাঘরের বাজেট বাড়িয়ে দিয়েছে। আয় বাড়েনি। দুধ থেকে সবজি, মাংস থেকে অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছুঁয়েছে। এর পর ভারতের সঙ্গে ব্যবসা বন্ধ। পরিস্থিতি আরও খারাপ হবে।’ 

জিনিসপত্রের আশঙ্কায় ভুগছেন রাস্তার সবজি বিক্রেতা ইফতিকারও। তাঁর আশঙ্কা, ‘ইদের আর মাত্র ৩-৪ দিন বাকী। বাজার একেবারে মন্দা। সবজি-পেঁয়াজের জন্য আমরা ভারতের ওপরে নির্ভরশীল। সবজি দাম ধরাছোঁয়ার বাইরে চলে যাবে এবার। আমরা কী খাব? ইমরান খান কী চাইছেন জানি না।’ 

আরেক ব্যাংক কর্মী আসফাক বলেন, 'ঈদের রোশনাই এবার ফিকে হয়ে গেছে। ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ করে আমাদের অর্থনীতি বিপর্যস্ত করার পিছনে ইমরান সরকারের কী ভাবনা বুঝতে পারছি না।'

আরো পড়ুন: জ্বালানি ‘চুরি’ করতে গিয়ে প্রাণ হারালো ৫৭ জন

জানা যায়, ভারত থেকে টমেটো না যাওয়ায় ইতিমধ্যে দেশটিতে টমেটোর কেজি ৩০০ টাকার বেশি। তথ্য সূত্র: এএনআই, জি নিউজ। 

ইত্তেফাক/এসআর