লর্ডসেই আর্চারের টেস্ট অভিষেক

স্পোর্টস ডেস্ক

ইংল্যান্ডের ইতিহাসে বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারি বোলার তিনি। গত জুলাই শেষ হওয়া বিশ্বকাপে জোফরা আর্চার নিয়েছিলেন ২০ উইকেট। আর সেই সাফল্যের পূর্ণতা এসেছিল লর্ডসে। ক্যারিবিয়ান বংশদ্ভূত এই পেসার গেল ১৪ জুলাই এই খ্যাতনামা মাঠেই ইংল্যান্ডের হয়ে ছুয়েছেন বিশ্বকাপের ট্রফি। আর আবারো সেই লর্ডসেই আরেকটা স্বপ্ন পূরণ হতে চলেছে আর্চারের। বিশ্বকাপ জয়ের ঠিক এক মাস বাদে সেই লর্ডসেই টেস্ট অভিষেক হয়ে যাচ্ছে তার।

অস্ট্রেলিয়ার বিপেক্ষ চলমান অ্যাশেজে লর্ডসে ১৪ আগস্ট শুরু হবে ইংল্যান্ডের দ্বিতীয় টেস্ট। আর সেই ম্যাচেই টেস্ট ক্যাপ পেয়ে যাচ্ছেন আর্চার। পাঁচ ম্যাচ টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে স্বাগতিক ইংল্যান্ড। পরিসংখ্যান ইংল্যান্ডের পক্ষেই আছে। কারণ, ২০০১ সালের পর নিজ মাঠে অস্ট্রেলিয়ার কাছে কখনো অ্যাশেজ সিরিজ হারেনি ইংলিশরা।

পেসার আর্চারের স্বপ্ন পূরণ হলেও দল থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার মঈন আলী। তার জায়গায় আবারও দলে ডাক পেয়েছেন বাঁ-হাতি স্পিনার জ্যাক লিচ। দ্বিতীয় ম্যাচের জন্য গতকাল শনিবার ১২ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলেছিলেন লিচ। সেখানে বল হাতে না হলেও ব্যাট হাতে নাইটওয়াচম্যান হিসেবে নেমে ৯২ রানে অনবদ্য এক ইনিংস খেলেন। আর এর সুবাদে ম্যাচ সেরার পুরস্কারও পান তিনি।

এজবাস্টনে অস্ট্রেলিয়ার কাছে ২৫১ রানে পরাজিত হওয়া প্রথম টেস্টে অফ স্পিনার মঈন ১৭২ রানে তিন উইকেট শিকার করেছেন এবং ব্যাট হাতে করেছেন মাত্র চার রান। দুই পেসার জমেস অ্যান্ডারসন এবং ওলি স্টোন ইনজুরিতে থাকায় দলে ফিরছেন আর্চার। আর্চারের টেস্ট অভিষেক আরো আগেই হতে পারত। প্রথম ম্যাচের দলেও ছিলেন তিনি। তবে, উড়ে এসে জুড়ে বসে ইনজুরি। সাইড স্ট্রেন থেকে পুরোপুরি সুস্থ হতে শেষ পর্যন্ত তাকে ছেড়ে দেয়া হয়।

চলতি সপ্তাহেই সাসেক্স দ্বিতীয় একাদশের হয়ে বল হাতে ২৭ রানে ৬ উইকেট নেয়ার পাশাপাশি বল হাতে ৯৯ বলে সেঞ্চুরি করে নিজের টেস্ট যোগ্যতার প্রমাণ দেন আর্চার। আর তার অভিষেকটা এগিয়ে দিয়েছে অ্যান্ডারসনের ইনজুরি। এজবাস্টনে প্রথম টেস্টে চার ওভার বোলিং করার পরই ডান পায়ের পেশিতে পুনরায় চোট পান অ্যান্ডারসন। আর পিঠে ইনজুরির কারণে দুই সপ্তাহ মাঠের বাইরে থাকবেন স্টোন।

 

দ্বিতীয় টেস্টের ইংল্যান্ড দল

জো রুট (অধিনায়ক), জোফরা আর্চার, জনি বেয়ারস্টো (উইকেট রক্ষক), স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জশ বাটলার, স্যাম কারান, জো ডেনলি, জ্যাক লিচ, জেসন রয়, বেন স্টোকস ও ক্রিস ওকস।