লিভারপুলের শুভসূচনা
স্পোর্টস ডেস্ক
ইউরোপ সেরা লিভারপুল তাদের ইংলিশ প্রিমিয়ার লিগ পুনরুদ্ধারের মিশনটা দারুণভাবেই শুরু করেছে। চলতি মৌসুমে নিজেদের উদ্বোধনী ম্যাচে শনিবার রাতে অ্যানফিল্ডের ম্যাচটিতে নরউইচ সিটিকে হারিয়েছে ৪-১ গোলে।
তবে এমন জয়ের পরও তৃপ্তির ঢেঁকুর তুলছেন না কোচ ইউর্গেন ক্লপ। জানালেন আরো উন্নতি করতে হবে দলকে।
গেল মৌসুমটা যেখানে শেষ করেছিলো অল রেডরা, চলতি মৌসুম ঠিক সেখান থেকেই যেন শুরু করেছে তারা। ইস্পাত-দৃঢ় রক্ষণ আর ক্ষুরধার আক্রমণের পসরা ছিলো এই ম্যাচেও। যারই ফলশ্রুতিতে প্রথমার্ধ বিরতির আগে এই মৌসুমেই ইংলিশ ফুটবলের সর্বোচ্চ স্তর উঠে আসা নরউইচের জালে কোচ য়ুর্গেন ক্লপের শিষ্যরা জড়ায় চার গোল! লক্ষ্যভেদ করেন মোহামেদ সালাহ, ভার্জিল ফন ডাইক আর দিভোক অরিগি। শুরুটা অবশ্য হয়েছিলো একজন নরউইচ খেলোয়াড়ের পা থেকেই। অরিগির ক্রস বিপদমুক্ত করতে গিয়ে নিজেদেরই জালে জড়িয়ে দেন নরউইচ ডিফেন্ডার গ্রান্ট হ্যানলি।
দ্বিতীয়ার্ধে দারুণ পারফরমেন্স দিয়ে ম্যাচে ফেরে সফরকারী নরউইচ। যার ফলে টিমু পুক্কির পা থেকে আসে একটি গোলও। কিন্তু এরপর আর কোনো দলই গোলের দেখা পায়নি, ফলে লিভারপুল ম্যাচটা জেতে ৪-১ ব্যবধানে।
প্রাক মৌসুমে মোটেও ছন্দে ছিলো না দলটি। লিওঁর বিপক্ষে একমাত্র জয়টি বাদে হারের তেতো স্বাদ হয়েছিলো প্রতিটি ম্যাচেই। সিটির কাছে কমিউনিটি শিল্ডেও হেরেছিলো ক্লপের শিষ্যরা। এমন বাজে পারফরমেন্সকে পেছনে ফেলে জয় পেলেও ক্লপ আরো উন্নতির জায়গা দেখছেন। জার্মান কোচ ম্যাচ শেষে বলেন, ‘কিছু পুরনো বিষয়কেই আবারও শিখতে হবে আমাদের। ম্যাচে সবই ভালো ছিলো কিন্তু আমাদের আরো বেশি ম্যাচের নিয়ন্ত্রণ রাখতে হবে। আমাদের আরো পরিশ্রম করতে হবে এবং এভাবেই কাজ করতে হয়।
আগামী ১৪ জুলাই উয়েফা সুপার কাপের ম্যাচে চেলসির মুখোমুখি হবে ক্লপের দল। তার আগে রক্ষণভাগে আরো উন্নতির তাগাদা দিলেন লিভারপুল কোচ। বললেন, ‘উন্নতির আরো অনেক জায়গা আছে। আমরা সেটা জানি। আজকের ম্যাচে কিছু ভুল করেছি আমরা। পরের ম্যাচটা সম্পূর্ণ আলাদা। রক্ষণে আরো উন্নতি করতে হবে আমাদের।’
ম্যাচের ৩৮তম মিনিটে একটা নিয়মিত গোল কিক নিতে গিয়ে পায়ে ব্যথা পান এলিসন। পরের মিনিটেই মাঠ ছাড়তে হয় তাকে। সুপার কাপের আগে মূল গোলরক্ষকের চোট মোটেও দুশ্চিন্তায় ফেলছে না ক্লপকে। অল রেড কোচ জানান, বিকল্প গোলরক্ষকে আস্থা আছে তার, ‘অ্যালিসনের যা হয়েছে তা মোটেও ভালো নয়। তবে আমরা একটা সমাধান বের করে একে পেছনে ফেলার চেষ্টা করবো। সে পেছনে তাকিয়েছিলো। কেননা তার মনে হয়েছিলো কিছু একটা তাকে আঘাত করেছে।’
তিনি আরো বলেন, ‘কিন্তু আদ্রিয়ানও ভালো গোলরক্ষক। বলের দখলে সে শান্ত এবং শট ঠেকাতে পারে বেশ। এ কারণেই আমরা তাকে দলে ভিড়িয়েছি। এটা তার জন্য ভালো কিন্তু এলির ব্যাওয়ারটা আমাদের জন্য কিছুটা সমস্যা হয়ে গেছে।’