কোচিংয়ে ফিরলেন ওয়ার্ন

স্পোর্টস ডেস্ক

আবারও কোচিংয়ে ফিরলেন লেগ স্পিন কিংবদন্তি শেন ওয়ার্ন।  বিতর্কিত হান্ড্রেড (১০০ বলের খেলা) ক্রিকেট টুর্নামেন্টে লন্ডন কেন্দ্রিক লন্ডন দলের প্রধান কোচ হলেন স্পিন কিংবদন্তি শেন ওয়ার্ন। আগামী বছর অনুষ্ঠেয় দ্য হান্ড্রেড টুর্নামেন্টের উদ্বোধনী আসরে দলের প্রধান কোচ হিসেবে আজ ওয়ার্নের নাম ঘোষণা করে লন্ডন দল।

খেলোয়াড়ি জীবনে টেস্ট ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ ৭০৮ উইকেট শিকার করা ওয়ার্ন এর আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) রাজস্থান রয়্যালসের কোচের দায়িত্ব পালন করেছেন। হান্ড্রেড টুর্নামেন্টের জন্য ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ঘোষিত তৃতীয় অস্ট্রেলিয়ান কোচ ৪৯ বছর বয়সি ওয়ার্ন।

এর আগে অস্ট্রেলিয়ার অপর দুই অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড ও সাইমন ক্যাটিচকে কোচ হিসেবে নিয়োগ দেয় ইসিবি। নিয়োগ পাওয়ার পর ওয়ার্ন বলেন, ‘লর্ডস কেন্দ্রিক হান্ড্রেড দলের প্রধান কোচ হতে বলায় আমি অত্যন্ত আন্দিত ও গর্বিত।’

নতুন এই দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত ওয়ার্ন। তিনি বলেন , ‘নতুন ধরনের একটি টুর্নামেন্টে কোচ হওয়ার সুযোগ পেয়ে এবং আধুনিক খেলোয়াড়দের সঙ্গে কাজ করা এমন একটি বিষয় যা সত্যিই আমার জন্য উপভোগ্য হবে। এ চ্যালেঞ্জ নিতে আমি মুখিয়ে আছি।’

ইংল্যান্ডে প্রথাগত কাউন্টি পদ্ধতির বাইরে শহরভিত্তিক আটটি দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন দ্য হান্ড্রেড নামে এ টুর্নামেন্ট। ওয়ানডে, টেস্ট, কিংবা টি-২০ নয় নতুন এ ভার্সনটি হচ্ছে ১০০ বলের ইনিংস। ছয় বলে এক ওভার গণ্য হবে। তবে শেষ ওভারটি হবে ১০ বলের। বোলাররা পাঁচটি করে কিংবা ধারাবাহিকভাবে ১০ বল করতে পারবেন।

দুটো দলই এখানে ১০০ বল মোকাবিলা করবে। ওয়ার্ন বলেন, ‘দ্য হান্ড্রেড ধারণাটা আমার বেশ পছন্দ এবং আইপিএলের মতো একইভাবে এটা আমার নজর কেড়েছে।’ আট দলের অপরগুলো হবে দক্ষিণ লন্ডনের ওভাল, ম্যানচেস্টার, লীডস, বার্মিংহাম, নটিংহাম, কার্ডিফ ও সাউদাম্পটন কেন্দ্রিক।