স্পোর্টস রিপোর্টার
শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবলে তৃতীয় আসরে ভারতের তিন ক্লাব খেলতে রাজি হয়েছে। প্রাথমিক আলোচনা হয়েছে। কলকাতার ফুটবলের ঐতিহ্যবাহী মোহামেডান, মোহনবাগান এবং ইষ্ট বেঙ্গল ক্লাব বাংলাদেশে আসতে সম্মতি দিয়েছে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন টুর্নামেন্টের প্রধান সমন্বয়কারী তরফদার রুহুল আমিন। পরশু কলকাতায় গিয়ে এই কর্মকর্তা পালাক্রমে তিন ক্লাবের সঙ্গে বৈঠক করছেন। আলোচনা চূড়ান্ত করেই ঢাকায় ফিরবেন তিনি। চট্টগ্রামে এই টুর্নামেন্ট হবে অক্টোবরের তৃতীয় সপ্তাহে। ১৫ অক্টোবর কলকাতায় কাতার বিশ্বকাপ এবং এশিয়ান কাপ ফুটবলের বাছাইয়ে বাংলাদেশ ও ভারতের ফুটবল ম্যাচ রয়েছে।
সেই ম্যাচের পরই শেখ কামাল ক্লাব কাপ ফুটবল মাঠে গড়াবে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের পরবর্তী ম্যাচের আগেই টুর্নামেন্ট শেষ করার পরিকল্পনা।
৯১ সালে কলকাতার এই তিন ক্লাব এক সঙ্গে বাংলাদেশে বিটিসি ক্লাব কাপ ফুটবলে খেলেছিল। অভূতপূর্ব সাড়া পড়েছিল সেই টুর্নামেন্টে। টুর্নামেন্টে আরো দুই একটি বিদেশি ক্লাবকে দেখা যেতে পারে।
নেপাল, ভুটান, থাইল্যান্ড হতে দুটি ক্লাবকে আনতে চায় আয়োজকরা। সঙ্গে বসুন্ধরা কিংস, আবাহনী এবং চট্টগ্রাম আবাহনী থাকবে।