লর্ডসের পিচ ইতিহাসের প্রথম পেল ‘ডিমেরিট পয়েন্ট’

ক্রিকেটের ইতিহাসে অন্যতম ঐতিহ্যবাহী মাঠ ‘লর্ডস স্টেডিয়াম’ এবার ব্যতিক্রমী ঘটনায় শিরোনামে এসেছে। দুই শতাব্দীর মধ্যে প্রথমবারের মতো এই মাঠের পিচ নিয়ে প্রশ্ন তোলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং ভেন্যুটিকে একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। 

ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যে গত সপ্তাহে লর্ডসে অনুষ্ঠিত টেস্ট ম্যাচে ইংল্যান্ড ১১৫ রানে জয় পায়। কিন্তু ম্যাচের চেয়ে বেশি আলোচিত হয় পিচের অবস্থা। শুরু থেকেই অতিরিক্ত সুইং ও বলের অস্বাভাবিক মুভমেন্টে ব্যাটসম্যানরা বিপাকে পড়েন।

পুরো ম্যাচে দুই দল মিলিয়ে ৯৯৬ বলের মধ্যে ৪০টি উইকেট পড়ে, যা লর্ডসের ১৪০ বছরের ইতিহাসে বিরল ঘটনা হিসেবে ধরা হচ্ছে। প্রথম দিনে ১৬টি এবং দ্বিতীয় দিনে ১৭টি উইকেট পড়ে যায়। বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসও।

ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রাফট পিচটিকে 'অসন্তোষজনক' হিসেবে চিহ্নিত করেন। তিনি বলেন, পিচটি শুরু থেকেই অতিরিক্তভাবে বোলারদের সাহায্য করেছে, বিশেষ করে সিম ও সুইংয়ের কারণে ব্যাটিং কঠিন হয়ে পড়ে।

পরে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল লর্ডস স্টেডিয়ামকে একটি ডিমেরিট পয়েন্ট প্রদান করে। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডকে এ সিদ্ধান্তের বিরুদ্ধে ১৪ দিনের মধ্যে আপিলের সুযোগ দেওয়া হয়েছে। এদিকে মাঠ ব্যবস্থাপনার দায়িত্বে থাকা মেরিলিবোন ক্রিকেট ক্লাব সিদ্ধান্তটি মেনে নিয়েছে। 

লর্ডসের ক্ষেত্রে দেওয়া এই ডিমেরিট পয়েন্ট পরবর্তী পাঁচ বছর রেকর্ডে থাকবে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বিধি অনুযায়ী, কোনো ভেন্যু পাঁচ বছরের মধ্যে ছয়টি ডিমেরিট পয়েন্ট অর্জন করলে সেখানে এক বছরের জন্য আন্তর্জাতিক ম্যাচ আয়োজন স্থগিত থাকবে।